প্রতারণা ঠেকাতে চাঁদপুর প্রশাসনের উদ্যোগ
অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক
- অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে জেলা প্রশাসনের লাইসেন্স নিতে হবে
- আবেদন জমার শেষ সময় ১৫ নভেম্বর, লাইসেন্স নিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে
- ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে ১১ জন গ্রেফতার
চাঁদপুরের ইলিশের সুনাম ব্যবহার করে অনলাইনে প্রতারণা ঠেকাতে নতুন নিয়ন্ত্রণব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন। এখন থেকে অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি করতে হলে ব্যবসায়ীদের জেলা প্রশাসনের লাইসেন্স নিতে হবে। ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ইলিশ বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
জেলা প্রশাসক বলেন, লাইসেন্সের আওতায় আনা হলে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণার সুযোগ অনেকটাই বন্ধ হবে। এ লক্ষ্যে অনলাইনে ইলিশ বিক্রেতাদের নিবন্ধনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ করে আগ্রহী ব্যবসায়ীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট ফরম পূরণ করে আবেদন করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে লাইসেন্স সংগ্রহ করতে হবে। এ জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে।
এদিকে, অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার ঘটনায় পুলিশ ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, এ-সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১১ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, চাঁদপুরের ইলিশের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল কয়েকটি চক্র। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইলসহ একাধিক এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
জেলা প্রশাসনের আশা, নতুন লাইসেন্সব্যবস্থা চালুর ফলে অনলাইনে ইলিশ বিক্রেতাদের পরিচয় ও ব্যবসায়িক কার্যক্রম যাচাই করা সহজ হবে। এতে প্রতারণার ঝুঁকি কমার পাশাপাশি ক্রেতাদের অনলাইনে ইলিশ কেনাকাটায় আস্থা বাড়বে।
//ডিবিটেক/পিবিওএন/এসএমপি/এমআইএসটি//





