নবীন প্রকৌশলীদের সততার আহ্বান
অবকাঠামোর মানে শতভাগ নিশ্চয়তা চান প্রতিমন্ত্রী
- জনগণের অর্থে নির্মিত অবকাঠামোর গুণগত মান শতভাগ নিশ্চিত করার নির্দেশ
- ঠিকাদারদের সঙ্গে পেশাদার সম্পর্ক রেখে দায়িত্ব পালনের আহ্বান
- ১৭৬ নবনিযুক্ত সহকারী প্রকৌশলী অংশ নেন প্রশিক্ষণ কোর্সে
জনগণের কর ও কষ্টার্জিত অর্থে নির্মিত সড়ক, সেতু, ভবনসহ বিভিন্ন উন্নয়ন অবকাঠামো দীর্ঘস্থায়ী এবং জনকল্যাণমুখী করতে নির্মাণকাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, অবকাঠামো নির্মাণে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলার সুযোগ নেই। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে প্রকৌশলীদের জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে আপনারা যোগ্যতা প্রমাণ করে দেশের অন্যতম বৃহৎ এই সংস্থায় যোগ দিয়েছেন। এলজিইডির মাধ্যমে সরাসরি মানুষের কল্যাণে কাজ করার এবং জনসেবা করার প্রচুর সুযোগ রয়েছে। বর্তমান সরকার তারুণ্যের শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সঙ্গতি রেখে মিতব্যয়ী মনোভাব নিয়ে মাঠপর্যায়ের উন্নয়নকাজ পরিচালনা করতে হবে।”
তিনি প্রকৌশলীদের ঠিকাদারদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে কাজের মান নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় না দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, মাঠপর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় সরকারের ক্রয়সংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। প্রকল্পের ব্যয় ব্যবস্থাপনায় মিতব্যয়িতা বজায় রাখার পাশাপাশি নির্মাণকাজের মান ও স্থায়িত্বের বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
এ সময় প্রকৌশলীদের দীর্ঘদিনের দাবি এলজিইডি ক্যাডারভুক্তকরণের বিষয়টি দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নবনিযুক্ত প্রকৌশলীদের বিভিন্ন প্রশ্ন শোনেন এবং সেগুলোর উত্তর দেন।
এলজিইডি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। এ ছাড়া মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া ১৭৬ জন নবনিযুক্ত সহকারী প্রকৌশলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এমবিইউ//এসএমই/এমআইএসটি//





