ফ্রিজ হ্যাকিংয়ে ইরানকে দায়ী করলো ফ্রান্স

ফ্রিজ হ্যাকিংয়ে ইরানকে দায়ী করলো ফ্রান্স
১০ নভেম্বর, ২০২৬ ১৩:৪৮  

ফ্রান্সের শত শত সুপারমার্কেটের বাণিজ্যিক রেফ্রিজারেটর ও ডিপফ্রিজে সাইবার হামলা চালিয়ে বড় ধরনের বিপর্যয় ঘটানোর পেছনে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রত্যক্ষ হাত রয়েছে বলে অভিযোগ করেছে ফরাসি কর্তৃপক্ষ। এই ডিজিটাল নাশকতার জন্য ইরানকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্যারিস।

গত অক্টোবরের শুরুতে ঘটে যাওয়া ওই সমন্বিত সাইবার হামলার কারণে ফ্রান্সজুড়ে শত শত সুপারমার্কেটের খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যায় এবং কয়েক ডজন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল বারো প্যারিসে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছেন। 

একই সঙ্গে সাইবার হামলার জবাবে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইরানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের হুমকির কথা জানানো হয়।

সাইবার হামলার ধরণ ও ক্ষয়ক্ষতি
ফরাসি গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা সংস্থাগুলোর যৌথ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১১ অক্টোবর মধ্যরাতে একটি বড় ধরনের সাইবার হামলার মাধ্যমে দেশটির রেফ্রিজারেটরগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা নিজেদের দখলে নেয় হ্যাকাররা। 

তারা তাপমাত্রা অতিরিক্ত বাড়িয়ে দেওয়ার ফলে কিছু কিছু ফ্রিজে আগুন ধরে যায়। রাতারাতি বিভিন্ন সুপারমার্কেটের হাজার হাজার টন মাংস, গলিত আইসক্রিম ও অন্যান্য পচনশীল খাবার নষ্ট হয়ে যায়। 

দেশজুড়ে প্রায় ৭০০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এই সাইবার আক্রমণের শিকার হয়েছে, যার মধ্যে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং কসাইখানাও রয়েছে। কেবল এই এক সাইবার আক্রমণেই ক্ষতির পরিমাণ কয়েক কোটি ইউরো ছাড়িয়ে গেছে।

পরবর্তী সময়ে চলতি মাসে ইউরোপজুড়ে আরও অন্তত ১০০টি প্রতিষ্ঠানে একই ধরনের সাইবার হামলা চালানো হয়। এমনকি ফ্রান্সের কিছু ব্লাড ব্যাংকে সংরক্ষিত রক্তের তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় তড়িঘড়ি করে রক্ত নতুন হিমঘরে স্থানান্তরিত করতে হয় কর্মীদের।

হ্যাকিংয়ের নেপথ্যে যারা
ফরাসি তদন্তকারীদের তথ্যমতে, আইআরজিসির অধীনস্ত ‘শাহিদ কাভে’ নামের একটি সাইবার আক্রমণকারী ইউনিট এবং এর সঙ্গে যুক্ত তিনটি ভুয়া হ্যাকার গোষ্ঠী এই হামলা চালিয়েছে। সাইবার হামলায় ব্যবহৃত ডিজিটাল অবকাঠামো বিশ্লেষণ করে এবং আক্রমণ কৌশলে ফারসি ভাষার অস্তিত্ব খুঁজে পেয়ে নিশ্চিত হওয়া গেছে যে এর নেপথ্যে ইরানের এই ইউনিটটি সক্রিয় ছিল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আক্রান্ত বেশ কিছু শীতলীকরণ যন্ত্রে পুরনো সফটওয়্যার এবং পুরোনো প্রযুক্তির কোডিং ব্যবহৃত হওয়ার কারণে হ্যাকারদের পক্ষে সহজে এগুলোতে প্রবেশ করা সম্ভব হয়েছে। 

ইরান বরাবরই তাদের বিরুদ্ধে ওঠা যেকোনো ক্ষতিকর সাইবার কার্যক্রম পরিচালনার অভিযোগ অস্বীকার করে আসছে। এবারও জাতিসংঘে ইরানের প্রতিনিধি দল থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

তবে চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা এবং রাশিয়া-ইউরোপ সাইবার যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই নজিরবিহীন সাইবার হামলা বৈশ্বিক অবকাঠামো নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন উদ্বেগ তৈরি করেছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: রয়টার্স