রূপপুর বিদ্যুৎ ও চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে বিসিএসআইআরে-এ গোলটেবিল বৈঠক

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিকস গবেষণায় প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

  • বিসিএসআইআরের সায়েন্স কমিউনিকেশন প্ল্যাটফর্ম 'স্টারটেক ট্রিবিউন'-এর উদ্যোগে ‘রূপপুর ও চতুর্থ শিল্পবিপ্লব’ শীর্ষক গোলটেবিল বৈঠক 
  • এআই গবেষণাকেন্দ্র স্থাপন, সেমিকন্ডাক্টর ফ্যাব এবং ক্যানসারের ওষুধ আবিষ্কারে প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা
  • বিজ্ঞানের ১ লাখ গ্র্যাজুয়েটকে এআই ও নিউক্লিয়ার দক্ষতায় রূপান্তর এবং বিশেষ এআই রিসার্চ হাব প্রতিষ্ঠার তাগিদ

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিকস গবেষণায় প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ
৯ নভেম্বর, ২০২৬ ০৯:৫৪  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর, রোবটিক্স ও ন্যানোপ্রযুক্তির মতো চতুর্থ শিল্পবিপ্লবের মূল স্তম্ভগুলোকে এগিয়ে নিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরবচ্ছিন্ন বিদ্যুতের অপরিহার্য ভূমিকা তুলে ধরেছেন দেশের শীর্ষ বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষকেরা।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) সায়েন্স কমিউনিকেশন প্ল্যাটফর্ম ‘স্টারটেক ট্রিবিউন’-এর উদ্যোগে ৮ নভেম্বর, রবিবার  ‘রূপপুর ও চতুর্থ শিল্পবিপ্লব’ শীর্ষক এই বিশেষ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে বক্তারা স্পষ্ট করেন যে, আধুনিক ডেটা সেন্টার, চিপ ডিজাইন ও হাই-কম্পিউটিং ল্যাবের কার্যকারিতা এক সেকেন্ডের জন্যও বিদ্যুৎহীন রাখা সম্ভব নয়; আর এখানেই রূপপুরের বেসলোড বিদ্যুৎ মূল চালিকাশক্তি হয়ে উঠবে।

প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন গতানুগতিক মানসিকতা ছেড়ে বাস্তবমুখী রূপান্তরের তাগিদ দিয়ে বলেন, "এআই, বায়োটেকনোলজি ও আধুনিক চিকিৎসাবিজ্ঞানে বাংলাদেশের সামনে বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে এআই ব্যবহার করে ক্যানসারের নতুন ড্রাগ বা ওষুধ আবিষ্কার এখন সময়ের দাবি। এজন্য গবেষকদের সমন্বিত কাজের পাশাপাশি দেশে বিশেষায়িত ‘এআই রিসার্চ হাব’ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।" তিনি আরও যোগ করেন, প্রতিবছর বিজ্ঞানের বিভিন্ন বিভাগ থেকে প্রায় এক লাখ শিক্ষার্থী স্নাতক শেষ করছেন। এই বিশাল মানবসম্পদকে উপযুক্ত পাঠ্যক্রম সংস্কারের মাধ্যমে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ও রোবটিক্সের মতো অ্যাডভান্সড ফিল্ডে দক্ষ করে গড়ে তুলতে হবে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আণবিক পর্যায়ের ন্যানোপ্রযুক্তি কৃষি উৎপাদন, স্বাস্থ্যসেবা ও আধুনিক শিল্পে আমূল রূপান্তর আনছে।

সেমিকন্ডাক্টর শিল্পের আন্তর্জাতিক গুরুত্ব তুলে ধরে যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুস্তফা হুসাইন বলেন, আধুনিক স্মার্টফোন, কম্পিউটার ও প্রতিরক্ষা সরঞ্জামের প্রাণ হলো সেমিকন্ডাক্টর চিপ। এ খাতে গবেষণা জোরদারের পাশাপাশি দেশে চিপ ফেব্রিকেশন প্ল্যান্ট (ফ্যাব) গড়ে তোলার প্রাথমিক ভিত্তি এবং দক্ষ প্রকৌশলী দল প্রস্তুত করা এখনই শুরু করতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খান বলেন, "উন্নত এআই মডেল ট্রেইনিং ও অ্যালগরিদম গবেষণায় সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পূর্বশর্ত। বিদ্যুৎ সরবরাহে সামান্য ওঠানামা বা ড্রপ গবেষণার কোটি টাকার সুপারকম্পিউটার ও ডেটাসেটের অপূরণীয় ক্ষতি করতে পারে।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম আহমেদ দেওয়ান জানান, আধুনিক রোবট বিপজ্জনক শিল্প কারখানা, জটিল অস্ত্রোপচার ও দুর্যোগ উদ্ধারকাজে মানুষের বিকল্প হয়ে উঠছে, যার প্রসারে ল্যাব সাপোর্ট বাড়ানো দরকার। একই বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন রোবটিক্স, ন্যানোটেক, এআই এবং সেমিকন্ডাক্টরের ইন্টারডিসিপ্লিনারি গবেষণায় এআই হাব তৈরির ওপর জোর দেন।

রূপপুর প্রকল্পের (আরএনপিপি) মানবসম্পদ বিভাগের প্রধান আলিমুজ্জামান রূপপুরের সঙ্গে চতুর্থ শিল্পবিপ্লবের গভীর সংযোগ ব্যাখ্যা করে বলেন, ভবিষ্যৎ হাই-টেক হাব, রোবট কারখানা ও সেমিকন্ডাক্টর ড্রাইভের জন্য যে বিপুল ও নির্ভরযোগ্য শক্তি দরকার, রূপপুরের পারমাণবিক চুল্লি থেকেই তা নিশ্চিত করা সম্ভব। বিশিষ্ট বিজ্ঞান লেখক ও সংগঠক শাহজাহান মৃধা বেনু কেবল প্রযুক্তি আমদানির পরিবর্তে উদ্ভাবনমুখী সমাজ ও যৌক্তিক বিজ্ঞানচিন্তা গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বিসিএসআইআর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ বলেন, "রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দীর্ঘমেয়াদে টেকসই শক্তি সরবরাহের মাধ্যমে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় গুণগত সক্ষমতা আনবে। এটি কেবল শিল্পায়নই বাড়াবে না, বরং চতুর্থ শিল্পবিপ্লবের বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ উচ্চতায় পৌঁছে দেবে।"

//ডিবিটেক/বিএসআরপিও/এসএমপি/এমভিএনও//