ফের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে গ্রোক
অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হানুকা উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংঘটিত গুলির ঘটনার পর আবারও ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে দেখা গেছে এক্সএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককে। বিভিন্ন ব্যবহারকারীর প্রশ্নের জবাবে গ্রোক কখনো ভুল পরিচয় দিচ্ছে, আবার কখনো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ঘটনার তথ্য উপস্থাপন করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি সংবাদমাধ্যম। খবর এনগ্যাজেট।
ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, ৪৩ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী আহমেদ আল আহমেদ হামলাকারীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিচ্ছেন। তবে গ্রোক একাধিকবার এই ব্যক্তির পরিচয় ভুলভাবে তুলে ধরেছে। কোনো কোনো ক্ষেত্রে একই ভিডিওর প্রসঙ্গে ফিলিস্তিনে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগসংক্রান্ত তথ্যও যুক্ত করেছে চ্যাটবটটি, যা ঘটনার সঙ্গে সম্পূর্ণ অসংশ্লিষ্ট।
এ ছাড়া কিছু উত্তরে বন্ডাই বিচের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক গুলির ঘটনাকে গুলিয়ে ফেলার উদাহরণও পাওয়া গেছে।
সর্বশেষ তথ্যমতে, এই হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। তবে গ্রোকের এমন বিভ্রান্তিকর প্রতিক্রিয়া নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি এক্সএআই। এর আগেও চ্যাটবটটির আচরণ নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল, যা কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
ডিবিটেক/বিএমটি







