লাতিন আমেরিকায় বাজার সম্প্রসারণের লক্ষ্যে সাও পাওলোতে বসছে চার দিনের প্রদর্শনী; নিবন্ধন শুরু
ব্রাজিলে দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’ আয়োজনের ঘোষণা
- ২০২৭ সালের ২২–২৫ মার্চ ব্রাজিলের সাও পাওলোতে চার দিনব্যাপী দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ আয়োজনের ঘোষণা দিয়েছে বিবিসিসিআই
- ২০২৪-২৫ অর্থবছরে ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি প্রায় ১৮৭ মিলিয়ন ডলারে উন্নীত, প্রবৃদ্ধি রেকর্ড ২৬ শতাংশ
- নিট, ওভেন, ওষুধ ও পাটপণ্যের নতুন বাজার সৃষ্টি এবং বিটুবি সংযোগ বাড়াতে শুরু হলো ৯ নভেম্বর থেকে প্রাথমিক নিবন্ধন
লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের বাজারে বাংলাদেশি পণ্যের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত এবং রপ্তানি বাজার বহুমুখীকরণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’ আয়োজনের ঘোষণা দিয়েছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)। আগামী ২২ থেকে ২৫ মার্চ ২০২৭ ব্রাজিলের বাণিজ্যিক রাজধানী সাও পাওলো শহরের ‘প্রো ম্যাগনো সেন্ট্রো ডি ইভেন্টোস’ (Pro Magno Centro de Eventos)-এ চার দিনব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
৯ নভেম্বর, সোমবার রাজধানীর বারিধারার হোটেল অ্যাসকট প্যালেসে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
আসন্ন এই মেগা এক্সপোটি বিবিসিসিআই কর্তৃক সাও পাওলোতে সফলভাবে আয়োজিত প্রথম ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’-এর ধারাবাহিক আয়োজন। প্রথম প্রদর্শনীর অভিজ্ঞতা ও অর্জিত বাণিজ্যিক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এবার আরও বৃহৎ পরিসরে বাংলাদেশি উৎপাদনকারী ও উদ্যোক্তাদের সঙ্গে ব্রাজিলের শীর্ষ আমদানিকারক, পরিবেশক, পাইকারি ব্যবসায়ী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সরাসরি ক্রেতা-বিক্রেতা সংযোগ (বিটুবি ম্যাচমেকিং) ঘটিয়ে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মহামান্য পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস (H.E. Paulo Fernando Dias Feres)। তিনি দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিবিসিসিআই পরিচালক আফাফ মুস্তাহিল হক এবং সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করেন রেজাউল আলম মিরু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেলাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ ও দ্বিপাক্ষিক বাণিজ্যের সামগ্রিক রূপরেখা উপস্থাপন করেন বিবিসিসিআই-এর সেক্রেটারি জেনারেল মো. জয়নাল আবদিন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের বরাত দিয়ে তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি প্রায় ১৮৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি। একই সময়ে বাংলাদেশের সামগ্রিক বৈশ্বিক পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলারে। উপস্থাপনায় উঠে আসে, ব্রাজিলের বাজারে বাংলাদেশের নিটওয়্যার, ওভেন পোশাক, ডেনিম, চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, ওষুধ, সিরামিক, বহুমুখী পাটজাত পণ্য, হিমায়িত সামুদ্রিক খাদ্য, প্লাস্টিক, হালকা প্রকৌশল ও হস্তশিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিপরীতে ব্রাজিলের তুলা, অপরিশোধিত চিনি, সয়াবিন তেল, কফি, ভুট্টা ও পশুখাদ্য বাংলাদেশের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য কাঁচামালের উৎস হিসেবে পারস্পরিক বাণিজ্যকে টেকসই ভিত্তি দিচ্ছে।
চার দিনব্যাপী এই এক্সপোতে সরাসরি চুক্তি স্বাক্ষর, যৌথ উদ্যোগ (Joint Venture) গঠন এবং স্থানীয় পরিবেশক নিয়োগের পাশাপাশি প্রদর্শক ও প্রতিনিধিদলের সদস্যদের জন্য আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। প্রাথমিক নিবন্ধন (Early Bird Registration) চলবে ৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এবং নিয়মিত নিবন্ধন (Regular Registration) চলবে ৯ ডিসেম্বর ২০২৬ থেকে ৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। সার্বিক প্রচার ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছে সহযোগী প্রতিষ্ঠান ‘ভেনচুরা গ্লোবাল’ এবং ‘সার্ক ট্রেডিং অ্যান্ড ইভেন্টস’।
//ডিবিটেক/ এসএমএম/এসএমপি/এমভিএনও//





