অনলাইন জুয়ার দ্বন্দ্বে নারায়ণগঞ্জে হত্যার দায়ে গ্রেফতার ২
অনলাইন জুয়া নিয়ে দ্বন্দ্বে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের একটি পরিত্যক্ত ভবনে তাকবির আহমেদ (২২) নামের এক যুবককে হত্যার অভিযোগে ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. হারুন (৩৪) ও মো. রফিকুল (৩৮)।
২৯ নভেম্বর, শনিবার এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ পিবিআই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পিবিআই নারায়ণগঞ্জ ইউনিটপ্রধান পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।
সংবাদ সম্মেলনে তদন্তকারী উপ-পুলিশ পরিদর্শক মো. রিয়াজ উদ্দিন রনির নেতৃত্বে টিমটি প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোপন সূত্রের ভিত্তিতে নারায়ণগঞ্জের একটি বিশেষ দল গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রথমে হারুনকে সোনারগাঁওয়ের লাঙ্গলবন্দ থেকে গ্রেফতার করে। তার তথ্যের ভিত্তিতে একই দিন রফিকুলকে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি মোড় থেকে আটক করা হয়। পরে রফিকুলের বাড়ির সিলিং থেকে তাকবিরের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন, মাদক সেবনরত অবস্থায় মোবাইলে অনলাইন জুয়া নিয়ে বিবাদের জেরে তারা ইট দিয়ে তাকবিরের মাথায় আঘাত করে তাকে হত্যা করে। এরপর তারা তাকবিরের বাবাকে একটি পুরনো সিম কার্ড দিয়ে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
পিবিআই জানায়, তাকবির আহমেদ গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তার অনুসন্ধান করতে গিয়ে পরদিন বুধবার সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির পরিত্যক্ত ৪ তলা ভবনের নিচতলায় তার মরদেহ খুঁজে পান। একই দিন তার বাবার করা মামলার ভিত্তিতে পিবিআই নারায়ণগঞ্জ তদন্তের দায়িত্ব নেয়।
ডিবিটেক/কেকে/ইকে



