যবিপ্রবিতে “পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০২৫” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যবিপ্রবিতে “পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০২৫” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
২৯ নভেম্বর, ২০২৫ ২১:২০  

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/নবম গ্রেড তদুর্ধ পর্যায়ের কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০২৫ (Public Procurement Rules-2025) এর উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর,  শনিবার যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে আইকিউএসি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান আর্থিক ও প্রশাসনিক ফাইল/নথি উপস্থাপনে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি তুলে ধরেন। তিনি সঠিকভাবে ও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ পূর্বক একটি আর্থিক ও প্রশাসনিক অনুমোদনের ফাইল উপস্থাপনের জন্য সকলকে অনুরোধ করেন। নথি ব্যবস্থাপনার উপর গুরুত্বরোপ করে উপস্থিত সকলের উদ্দেশ্যে সেটির সংরক্ষণ ও উপস্থাপনের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সকল সময়োপযোগী গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা একজন মানুষকে দক্ষতা সম্পন্ন সু-নাগরিক গঠন করতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণ কর্মশালায় কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীনে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) একজন পরিচালক (উপসচিব) ও জাতীয় প্রকিউরমেন্ট প্রশিক্ষক শাহ ইয়ামিন উল ইসলাম। তিনি গত ২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ থেকে কার্যকর বাংলাদেশের সরকারি ক্রয় কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা, দক্ষতা ও প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য প্রণীত পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর প্রধান পরিবর্তন ও বৈশিষ্ট্যসমূহ স্লাইড আকারে উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা, দক্ষতা ও প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে সাবলীলভাবে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ তুলে ধরেন এবং উপস্থিত প্রশিক্ষণার্থীদের সকল প্রশ্নের উত্তর সাবলীল ভাষায় প্রদান করেন।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এ, এম, স্বরাজের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর/অফিস প্রধানসহ বিভিন্ন বিভাগ/দপ্তরের মনোনিত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিসুল হক।

ডিবিটেক/এমএইচ/ইকে