বিজ্ঞান ভবনসহ ঢাবির ৫ স্থাপনায় তালা

বিজ্ঞান ভবনসহ ঢাবির ৫ স্থাপনায় তালা
১২ নভেম্বর, ২০২৫ ১১:২৬  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনসহ পাঁচটি অ্যাকাডেমিক স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। তালার ওপর কাগজ পেঁচিয়ে লিখে দেয়া হয়েছে বিএসএল। রাজধানী ঢাকায় আগামী ১৩ নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করতে ১২ নভেম্বর, মঙ্গলবার দিবাগত রাতে এই তালা দেয়ার ঘটনা ঘটে। 

তালা দেয়া বাকি ভবনগুলো হলো চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট এবং কার্জন হলের প্রধান ফটক। তবে সকালে তালাগুলো ভেঙ্গে গেটগুলো খুলে দেয়া হয়েছে বলে জানাগেছে।

এর আগে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ফেসবুক পেজে তালাবদ্ধ স্থানগুলোর ছবি শেয়ার করে লেখেন, ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসএল- চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে কিছু তথ্য পেয়েছি, তবে সম্পূর্ণ আপডেট এখনও হাতে আসেনি। প্রায় এক ঘণ্টা আগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তদন্ত এখনও চলছে। সব তথ্য হাতে পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তাদের চিহ্নিত করার কাজ চলছে। আজকের মধ্যেই সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা করছি।

এদিকে ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দলীয় লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে সহিংস কার্যক্রম অব্যাহত রেখেছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ডিবিটেক/বিটি/ইক