নির্মমতা থেকে স্বাধীনতার প্রেরণা: চুয়েট ভিসি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস‑চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, ২৫ মার্চের নির্মমতা আমাদেরকে চূড়ান্ত স্বাধীনতার সংগ্রামে উদ্দীপিত করেছিল এবং নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের ফলশ্রুতিতে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। তিনি বলেন, স্বাধীনতার ফলে আমরা পেয়েছি একটি ভূখণ্ড ও মানচিত্র এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ।
ভাইস‑চ্যান্সেলর আরও উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, তবে উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার পথে এখনও বহু চ্যালেঞ্জ রয়ে গেছে। সুশাসন, সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি জোর দেন।
২৫ মার্চ, বুধবার, ন চুয়েটের শহীদ দুই বীর ছাত্র শহীদ মোহাম্মদ শাহ ও শহীদ তারেক হুদাসহ মহান স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন উপাচার্য। ২৫ মার্চ গণহত্যা দিবস‑২০২৬ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস‑২০২৬ উপলক্ষে সকাল ১১টায় এই অনুষ্ঠাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তড়িত ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান ও স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।
সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। বিভাগীয় প্রধানদের পক্ষে বক্তব্য রাখেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ; শিক্ষক সমিতির পক্ষে বক্তব্য রাখেন সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ; কর্মকর্তা সমিতির পক্ষে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মকবুল হোসেন; কর্মচারী সমিতির পক্ষে বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ জামাল উদ্দীন; শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের আসহাব লাবিব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ‑পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও সহকারী লাইব্রেরিয়ান শারমিন সুলতানা তমা।
আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্টাফ কোয়ার্টার জামে মসজিদের ইমাম মাওলানা হামিদ উল্লাহ। একই দিনে চুয়েট কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর গণহত্যা দিবসে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়।
ডিবিটেক/এআইএম/ইকে



