জার্মানিতে ৬.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে গুগল

জার্মানিতে ৬.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে গুগল
১২ নভেম্বর, ২০২৫ ১৯:৫৮  

ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিতে ক্লাউড অবকাঠামো সম্প্রসারণে ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ২০২৬ থেকে ২০২৯ সালের মধ্যে ধাপে ধাপে এই বিনিয়োগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স।

বার্লিনে এক সংবাদ সম্মেলনে গুগল ও জার্মান সরকারের কর্মকর্তারা জানান, বিনিয়োগের আওতায় ফ্রাঙ্কফুর্টের কাছে ডিটসেনবাখ শহরে একটি নতুন ডেটা সেন্টার স্থাপন করা হবে এবং হানাউ শহরে গুগলের বিদ্যমান কেন্দ্র সম্প্রসারিত হবে।

গুগল জার্মানির কান্ট্রি ম্যানেজার ফিলিপ জাস্টাস জানান, এই প্রকল্প প্রায় নয় হাজার পরোক্ষ কর্মসংস্থান নিশ্চিত করবে। গুগল ক্লাউডের উত্তর ইউরোপের ভাইস প্রেসিডেন্ট মারিয়ান ইয়ানিক বলেন, নতুন কেন্দ্রগুলোতে প্রাথমিকভাবে শতাধিক বিশেষজ্ঞ কাজ করবেন।

জার্মান অর্থমন্ত্রী লার্স ক্লিংবেইল বলেন, এটি দেশের ব্যবসা ও প্রযুক্তি খাতে এক “গুরুত্বপূর্ণ মাইলফলক”, যা সম্প্রতি ডয়চে টেলিকম ও এনভিডিয়ার মধ্যে ১ দশমিক ২ বিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তা অংশীদারিত্বের ধারাবাহিকতা।

ডিবিটেক/বিএমটি