ফ্রি এক্সবক্স ক্লাউড গেমিং আসছে শিগগিরই
মাইক্রোসফট সম্ভবত তাদের ক্লাউড গেমিং সেবা বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে—তবে এতে থাকবে বিজ্ঞাপন ও সীমিত সুবিধা। দ্য ভার্জ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট একটি বিজ্ঞাপন-সমর্থিত এক্সবক্স ক্লাউড গেমিং সংস্করণ চালুর প্রস্তুতি নিচ্ছে, যা ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে কর্মীদের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। খবর এনগ্যাজেট।
এই সংস্করণে ব্যবহারকারীরা কিছু নির্দিষ্ট গেম এবং “এক্সবক্স রেট্রো ক্লাসিকস” শিরোনামের পুরোনো কিছু গেম খেলতে পারবেন। এছাড়া ফ্রি প্লে ডেজ উদ্যোগের আওতায় নির্দিষ্ট সপ্তাহান্তে কিছু গেমও খেলা যাবে— আর এর সবই গেম পাস সাবস্ক্রিপশন ছাড়াই খেলা যাবে।
তবে এর সীমাবদ্ধতা রয়েছে: প্রতিটি গেমের আগে কয়েক মিনিটের বিজ্ঞাপন দেখতে হবে, এবং সময়সীমাও থাকবে। জানা গেছে, বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রতি মাসে পাঁচবার, প্রতিবার এক ঘণ্টা খেলার অনুমতি দেওয়া হচ্ছে।
নতুন এই সংস্করণটি কম্পিউটার, এক্সবক্স কনসোল, হ্যান্ডহেল্ড ডিভাইস ও ওয়েব ব্রাউজারে চালু হতে পারে। তবে ফ্রি সংস্করণে স্ট্রিমিং মান নিয়ে এখনও কিছু জানা যায়নি। সর্বোচ্চ ১৪৪০পি রেজোলিউশন থাকবে শুধুমাত্র গেম পাস আলটিমেট গ্রাহকদের জন্য, অন্যদের জন্য সীমিত থাকবে ১০৮০পি পর্যন্ত।
ডিবিটেক/বিএমটি







