মহাকাশে ডেটা সেন্টার স্থাপন সম্ভব : জেফ বেজোস
আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ভবিষ্যদ্বাণী করেছেন যে আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে মহাকাশে গিগাওয়াট-ক্ষমতার ডেটা সেন্টার নির্মাণ সম্ভব হবে। তিনি বলেন, মহাকাশে নিরবচ্ছিন্ন সৌরশক্তি পাওয়া যায়, যা পৃথিবীর ডেটা সেন্টারের চেয়ে বেশি কার্যকর হতে পারে। খবর রয়টার্স।
ইতালির তুরিনে অনুষ্ঠিত ইতালিয়ান টেক উইক ২০২৫-এ বক্তব্য রাখেন বেজোস। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশকে ২০০০ সালের শুরুর ইন্টারনেট বুমের সঙ্গে তুলনা করে বলেন, “জল্পনামূলক ঝুঁকি থাকলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব গভীর ও ইতিবাচক হবে।”
বেজোস বলেন, বিশাল প্রশিক্ষণ ক্লাস্টার বা এআই সার্ভারগুলো মহাকাশে স্থাপন করাই হবে সবচেয়ে উপযুক্ত, কারণ সেখানে ২৪ ঘণ্টা সূর্যালোক পাওয়া যায়, কোনো মেঘ বা বৃষ্টি নেই। তার মতে, “আগামী দুই দশকের মধ্যেই মহাকাশভিত্তিক ডেটা সেন্টার পৃথিবীরগুলোর তুলনায় কম খরচে পরিচালিত হবে।”
তবে তিনি সতর্ক করে বলেন, মহাকাশে ডেটা সেন্টার রক্ষণাবেক্ষণ, আপগ্রেড এবং রকেট উৎক্ষেপণের ঝুঁকি বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। বেজোসের মতে, ইন্টারনেটের মতোই এআই–এর সুফলও সমাজে গভীরভাবে ছড়িয়ে পড়বে এবং টিকে থাকবে।
ডিবিটেক/বিএমটি







