৪ দফা দাবিতে শিববাড়ি মোড়ে ডুয়েট শিক্ষার্থীদের অবস্থান
প্রকৌশল খাতের সংকট নিরসনে ডুয়েট শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে গাজীপুর জেলার জয়দেবপুরের শিববাড়ি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) শিক্ষার্থীরা। ডুয়েটের ৪ দফা দাবির মধ্যে প্রথমেই রয়েছে আইইবি’র সদস্যপদ ছাড়া কোনো ব্যক্তি তার নামের পূর্বে 'ইঞ্জিনিয়ার' উপাধি ব্যবহার করতে পারবে না।
তাদের দ্বিতীয় দাবি, মেধা, যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে যৌক্তিক উপায়ে পদোন্নতি নিশ্চিত করতে হবে এবং এ উদ্দেশ্যে সরকারকে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠনপূর্বক ন্যায়সংগত ও সর্বজনগ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করতে হবে। তৃতীয় দাবিতে রয়েছে দেশের প্রকৌশল খাতে ভারসাম্য রক্ষার্থে বিএসসি প্রকৌশলীদের জন্য সরকারি খাতে এন্ট্রি-পোস্ট বৃদ্ধি এবং বেসরকারি খাতে সুনির্দিষ্ট বেতন কাঠামো ও চাকরি-নিরাপত্তা নিশ্চিত করতে প্রযোজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন করতে হবে। একই সাথে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া বহাল রাখতে হবে। এছাড়া শেষ দাবিটি হলো- চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (DUET, BUET, CUET, KUET, RUET) সমন্বয়ে প্রকৌশলী পদে নিয়োগের উদ্দেশ্যে একটি স্বতন্ত্র নিয়োগ প্রতিষ্ঠান গঠন করতে হবে। উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত নিয়োগ পরীক্ষায় টেকনিক্যাল বিষয়বস্তুকে মূল মূল্যায়ন উপাদান হিসেবে বিবেচনা করে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে এবং একই সঙ্গে প্রার্থীদের প্রয়োজনীয় নন-টেকনিক্যাল দক্ষতা যাচাইয়ের জন্য উপযুক্ত অংশ সংযোজন করতে হবে, যাতে নিয়োগ প্রক্রিয়া সর্বজনগ্রহণযোগ্য ও যৌক্তিক হয়।
এসব দাবি পূরণের লক্ষ্যেই ২ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল ৪টার দিকে শতাধিত ছাত্র ক্যাম্পাস থেকে ব্যানার নিয়ে মছিল নিয়ে অবস্থান কর্মসূচির দিতে যাত্রা শুরু করে। কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়টির তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।
এসময় মিছিল থেকে ডুয়েট নিয়ে অপপ্রচার, চললে ডুয়েটিয়ানরা লড়বে; প্রশাসনে প্রহসন চলবে না, চলবে না; প্রশাসনে সিন্ডিকেট ভেঙ্গে দাও গুড়িয়ে দাও; দালালি না রাজপথ, রাজপথ; ডুয়েটের চার দফা মানতে হবে হবে ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
মিছিলটিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে দেখা যায়। অধাঘন্টার বেশি মিছিল করতে করতে তারা শিববাড়ি মোড়ে গিয়ে অবস্থান নেয়।
এর আগে ডুয়েট নিয়ে অব্যাহতভাবে বুয়েট, কুয়েট, রুয়েট ও চুয়েটের শিক্ষার্থীরা কটূক্তি এবং ষড়যন্ত্র চালাচ্ছে। রংপুরে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে ডুয়েটের সাবেক শিক্ষার্থী ও নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেনকে মিথ্যা অভিযোগ দিয়ে অন্যত্র বদলি করানোর প্রতিবাদে মশাল মিছিল করেছিলো শিক্ষার্থীরা।



