আইওএস ২৬ বেটা ৬-এ নতুন রিংটোনসহ নতুন ফিচার চালু

আইওএস ২৬ বেটা ৬-এ নতুন রিংটোনসহ নতুন ফিচার চালু
১২ আগষ্ট, ২০২৫ ১৫:১৭  
১২ আগষ্ট, ২০২৫ ১৭:০৩  

অ্যাপল তাদের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ২৬-এর ষষ্ঠ ডেভেলপার বেটা প্রকাশ করেছে, যা সেপ্টেম্বর মাসে চূড়ান্ত সংস্করণ উন্মোচনের আগে অন্যতম শেষ আপডেট। নতুন সংস্করণে ছয়টি নতুন রিংটোন যোগ করা হয়েছে, যার সবগুলোই “রিফ্লেকশন” সুরের ভিন্নতা। এর মধ্যে “ড্রিমার” রিংটোন ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে। খবর টেকক্রাঞ্চ।

বহুল আলোচিত ক্যামেরা অ্যাপের সোয়াইপ দিক পরিবর্তন নিয়ে বিতর্কেরও সমাধান এসেছে। পূর্ববর্তী বেটায় সোয়াইপ দিক উল্টে দেওয়ায় সমালোচনার মুখে পড়া অ্যাপল এবার সেটিংস টগল সরিয়ে আগের দিকেই ফিরিয়ে এনেছে।

এছাড়া, অ্যাপ চালুর সময় দ্রুত ট্রানজিশন ও নতুন অ্যানিমেশন যুক্ত হয়েছে। অ্যাপলের হালনাগাদ ইউআই ‘লিকুইড গ্লাস’-এও সূক্ষ্ম পরিবর্তন আনা হয়েছে, যা রঙের বিচ্ছুরণ ও কাচের মতো প্রভাব আরও উন্নত করেছে।

ডিবিটেক/বিএমটি