কুয়েটে নতুন ভিসি মাকসুদ হেলালীর যোগদান
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।
২৪ জুলাই, বৃহস্পতিবার দুই মাস দুই দিনের মাথায় বুয়েটের এই অবসরপ্রাপ্ত শিক্ষককে উপাচার্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয় তাকে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা’ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে কুয়েটের অন্তর্বর্তী ভিসি অধ্যাপক ড. হযরত আলী পদত্যাগ করায় ভিসিবিহীন থাকে কুয়েট। পরে গত ১৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানকে ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত আর্থিক ক্ষমতা দেওয়া হয়। কিন্তু যোগদান করে কার্যক্রম শুরুর আগেই নিয়োগ দেওয়া হলো নতুন ভিসি। তবে শিক্ষকরা গত ৪ মে থেকে ক্লাস বর্জন করে আসলেও তারা সর্বশেষ ভিসি নিয়োগ হলেই ক্লাসে ফেরার কথা জানিয়েছিলেন। সে লক্ষ্যে এখন আর কুয়েটের ক্লাস শুরুর ক্ষেত্রে কোন বাধা থাকলো না। আগামী রোববার থেকে ক্লাস শুরু হতে পারে এমনটিও মনে করছেন সংশ্লিষ্টরা।



