ভোটারদের তথ্য আপলোডের সময় বাড়লো ৯ দিন

ভোটারদের তথ্য আপলোডের সময় বাড়লো ৯ দিন
১১ এপ্রিল, ২০২৫ ০০:০২  
১১ এপ্রিল, ২০২৫ ০৬:০৪  

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য আপলোডের সময়সীমা আরও ৯ দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১১ এপ্রিল পর্যন্ত এ সময় নির্ধারণ থাকলেও সময়মতো তা শেষের শঙ্কা থেকে সময় বাড়িয়ে ২০ এপ্রিল ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) মাঠ কর্মকর্তাদেরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী। নির্দেশনায় বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে সফটওয়্যারের সাহায্যে নতুন ভোটারের তথ্য (ডাটা) আপলোডের সময়সীমা নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে আগামী ২০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো।

 ইসি সূত্রে প্রকাশ, দেশের বিভিন্ন অঞ্চলে তথ্য সংগ্রহে ধীরগতি, কারিগরি জটিলতা ও প্রাকৃতিক দুর্যোগজনিত অনেক স্থানে নির্ধারিত ১১ এপ্রিলের মধ্যে ভোটারদের তথ্য আপলোড করা সম্ভব হয়নি। এ পরিপ্রেক্ষিতে সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 ইসির নতুন ভোটারদের সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে এবং কোনো নাগরিক যেন বাদ না পড়ে, সেজন্য সময়সীমা বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা নির্ধারিত সময়ের মধ্যেই সব তথ্য আপলোড সম্পন্ন করেন। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।