বাংলাদেশকে এআই-নির্ভর ডিজিটাল আগামীর দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় বাংলা লিংকের

বাংলাদেশকে এআই-নির্ভর ডিজিটাল আগামীর দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় বাংলা লিংকের
২৯ জানুয়ারি, ২০২৫ ১৬:৪৯  

প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশের জন্য এআই-নির্ভর আগামী ও ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। গত ২৮ জানুয়ারী ২০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এই প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ইভেন্টে শিল্পখাতের প্রতিনিধি, ব্যবসায়িক অংশীদার ও সরকারি অংশীজনরা একত্রিত হন এবং গত দুই দশকের রূপান্তরমূলক যাত্রার ওপর আলোকপাত করেন। আয়োজনে বাংলালিংকের পক্ষ থেকে আগামীর বাংলাদেশে ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করার লক্ষ্যে একটি রোডম্যাপ উন্মোচন করা হয়।

বাংলাদেশের ক্ষেত্রে ভিওনের প্রতিশ্রুতি তুলে ধরে প্রতিষ্ঠানটির বোর্ড চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা বলেন, “বাংলালিংকের ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আমরা বাংলাদেশকে আরও ভালোভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। সামগ্রিকভাবে এই ২০ বছর ধরে আমরা টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করে ডিজিটাল সেবার মান প্রতিনিয়ত আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছি। ফলে, বিগত কয়েক বছরে আমরা আরও বিবর্তিত হয়ে দেশের ডিজিটাল সক্ষমতা নেতৃস্থানীয় পর্যায়ে নিতে পেরেছি। আগামীর পথে বাংলাদেশের এই যাত্রায় বাংলালিংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে বলে আমি অত্যন্ত উচ্ছ্বসিত।”

দেশকে প্রবৃদ্ধির পথে পরিচালনা করতে ডিজিটাল অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করে ভিওনের গ্রুপ সিইও ও বাংলালিংক বোর্ডের চেয়ারম্যান কান তেরজিওগ্লু বলেন, “বাংলাদেশের মানুষ দেশের প্রবৃদ্ধির নতুন ভিত্তি স্থাপন করতে কাজ করে যাচ্ছে; অগমেন্টেড ইন্টেলিজেন্স সহ আরও আধুনিক ডিজিটাল অপারেটর মডেল এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী আমরা। এ দেশের মেধাবীদের হাতে তৈরি টফি, মাইবিএল ও রাইজের মতো ডিজিটাল সেবা কেবল বাংলালিংকের কানেক্টিভিটি নিশ্চিত করেনি; একইসাথে দেশের প্রতিটি কোণে শিক্ষা, স্বাস্থ্যসেবা, তথ্য ও বিনোদন পৌঁছে দিয়েছে। বাংলাদেশের মানুষকে ক্ষমতায়িত করতে আগামীতেও এসব সমাধানে বিনিয়োগ অব্যাহত রাখবো আমরা। বিশেষ করে, আমরা এ দেশের মেধাবী ও প্রযুক্তি-প্রেমী তরুণদের বিকাশ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যাবো।”

সকলের জন্য এআই সহজলভ্য করার লক্ষ্যের ওপর গুরুত্বারোপ করে বাংলালিংকের সিইও এরিক অস বলেন, “বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে উদ্ভাবনী পণ্য ও সেবা নিয়ে আসার ক্ষেত্রে বাংলালিংক টিম সবসময় সফল হয়েছে। এখন দেশের প্রতিটি কোণায় সকলের জন্য এআই-ভিত্তিক ডিজিটাল সেবা সহজলভ্য করতে কাজ করে যাচ্ছি আমরা। সরকার ও বেসরকারি খাতের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে দেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উদ্যোক্তাদের এআই-সক্ষম করে তুলতে কাজ করছি আমরা। একটি ডিজিটাল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি বিকশিত করার লক্ষ্যে  প্রত্যেক বাংলাদেশি ও স্থানীয় ব্যবসার জন্য এআই এর মতো আধুনিক প্রযুক্তি আরও সহজলভ্য করতে প্রচেষ্টা অব্যাহত রাখবো আমরা।”