জাতিসংঘে বাংলাদেশের বড় অর্জন:
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বায়োইকোনমি রেজোলিউশন পাস
২৪ এপ্রিল, শুক্রবার শেষ হলো ব্যাংককে চলমান জাতিসংঘে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (UNESCAP) ৮২তম অধিবেশন। এই অধিবেশনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে টেকসই বায়োইকোনমি বা জৈব অর্থনীতি বিষয়ক একটি যুগান্তকারী রেজোলিউশন গ্রহণে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ । এরমাধ্যমে টেকসই উন্নয়ন এবং উদ্ভাবন-নির্ভর প্রবৃদ্ধির পথে বড় ধরনের কূটনৈতিক সাফল্য অর্জন করেছে লাল-সবুজের পতাকা।
"এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে টেকসই বায়োইকোনমির উত্তরণে সহায়তা" শীর্ষক এই রেজোলিউশনটি বাংলাদেশ স্পন্সর করেছে এবং সদস্য দেশগুলোর সর্বসম্মত সম্মতিক্রমে এটি গৃহীত হয়েছে । নবনির্বাচিত সরকারের উদ্যোগে জাতিসংঘের কোনো সংস্থায় এটিই বাংলাদেশের স্পন্সর করা প্রথম রেজোলিউশন যা পাস হলো । এমন এক সময়ে এই সাফল্য এল যখন বাংলাদেশ তার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রার্থিতার মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব পাওয়ার দৌড়ে রয়েছে ।
এই রেজোলিউশনটি বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার—যেমন টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, সার্কুলার ইকোনমি এবং বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের সাথে সামঞ্জস্যপূর্ণ । এটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে জ্ঞান আদান-প্রদান, সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ এবং টেকসই ভ্যালু চেইন তৈরির মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানালো।
অধিবেশনের একটি পার্শ্ব ইভেন্টে বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম (এমপি) বলেন, "বায়োইকোনমি কেবল একটি উদীয়মান ধারণা নয়; এটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা, স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার একটি বাস্তবসম্মত পথ" ।
এই রেজোলিউশনটি গ্রহণে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে এফএও (FAO), এসকাপ (ESCAP) এবং ইউএনইপি (UNEP) কাজ করেছে । এতে ভারত, থাইল্যান্ড, চীন, শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ বেশ কয়েকটি দেশ সহ-পৃষ্ঠপোষকতা বা কো-স্পন্সর করেছে ।
একই অধিবেশনে "বাকু-ব্যাংকক ঘোষণা"ও গৃহীত হয়েছে, যা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে দারিদ্র্য বিমোচন, শোভন কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং লিঙ্গ সমতা নিশ্চিত করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
ডিবিটেক/ইকে/এমইউআই







