ঘুরে দাঁড়িয়ে বিটকয়েনের দাম ৭০ হাজার ডলার

ঘুরে দাঁড়িয়ে বিটকয়েনের দাম ৭০ হাজার ডলার
৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:১৭  

বিশ্ববাজারে ঝুঁকিপূর্ণ সম্পদের চাপ কিছুটা কমায় আবারও ঘুরে দাঁড়িয়েছে বিটকয়েন। শুক্রবার লেনদেনে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সিটির দাম ১১ শতাংশের বেশি বেড়ে ৭০ হাজার ডলারের ঘর ছাড়ায়, একপর্যায়ে উঠে যায় ৭১ হাজার ৪৬৪ ডলারে। এর আগে একই দিনে বিটকয়েন নেমে গিয়েছিল ৬০ হাজার ডলারের কাছাকাছি, যা ছিল প্রায় ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন। খবর রয়টার্স।

প্রযুক্তি খাতের শেয়ার ও মূল্যবান ধাতুর দামে জোরালো উত্থানের প্রভাব ক্রিপ্টো বাজারেও পড়েছে। ফলে মার্চ ২০২৩–এর পর এক দিনে সবচেয়ে বড় উত্থান দেখা গেলেও, চলতি সপ্তাহে বিটকয়েন এখনো প্রায় ৮ শতাংশ নিচে রয়েছে। 

বাজার বিশ্লেষকদের মতে, এটি মূলত সাম্প্রতিক বিক্রিচাপের পর একটি সাময়িক স্থিতি।

তবে ডেরিভেটিভ বাজার ভিন্ন বার্তা দিচ্ছে। অপশন বাজারে দাম আরও নামতে পারে—এমন সুরক্ষামূলক চাহিদা বেড়েছে। 

ফেব্রুয়ারির শেষের দিকে ৫০ থেকে ৬০ হাজার ডলারের আশেপাশে বিটকয়েন নামার বাজিও বাড়ছে। ইথারও একই দিনে ১২ শতাংশের বেশি বেড়েছে, যদিও সাপ্তাহিক হিসাবে সেটিও ক্ষতির মধ্যেই রয়েছে।

ডিবিটেক/বিএমটি