প্রকল্প জটিলতা ও জনবল সংকট: রাজশাহীতে ৫ বছরে টিবি রোগী বেড়েছে ৩৪%

রাজশাহী: রাজশাহী বিভাগে যক্ষ্মা (টিবি) পরিস্থিতি নীরবে এক ভয়াবহ রূপ ধারণ করছে। সরকারি পর্যায়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যক্ষ্মা নিয়ন্ত্রণের জোরালো দাবি করা হলেও মাঠপর্যায়ের চিত্র বিপরীত। গত পাঁচ বছরের ব্যবধানে এই বিভাগে যক্ষ্মা রোগী শনাক্তের হার উদ্বেগজনকভাবে প্রায় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডায়াগনস্টিক কিট, জিন এক্সপার্ট কিট ও এক্স-রে ফিল্মের সংকট বর্তমানে কমলেও স্বাস্থ্য সহকারী […] The post প্রকল্প জটিলতা ও জনবল সংকট: রাজশাহীতে ৫ বছরে টিবি রোগী বেড়েছে ৩৪% first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রকল্প জটিলতা ও জনবল সংকট: রাজশাহীতে ৫ বছরে টিবি রোগী বেড়েছে ৩৪%
২৮ নভেম্বর, ২০২৬ ১০:০০  

রাজশাহী: রাজশাহী বিভাগে যক্ষ্মা (টিবি) পরিস্থিতি নীরবে এক ভয়াবহ রূপ ধারণ করছে। সরকারি পর্যায়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যক্ষ্মা নিয়ন্ত্রণের জোরালো দাবি করা হলেও মাঠপর্যায়ের চিত্র বিপরীত। গত পাঁচ বছরের ব্যবধানে এই বিভাগে যক্ষ্মা রোগী শনাক্তের হার উদ্বেগজনকভাবে প্রায় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডায়াগনস্টিক কিট, জিন এক্সপার্ট কিট ও এক্স-রে ফিল্মের সংকট বর্তমানে কমলেও স্বাস্থ্য সহকারী ও ল্যাব টেকনোলজিস্টদের ব্যাপক শূন্যতা এবং প্রকল্প জটিলতায় গোটা চিকিৎসাসেবা হুমকির মুখে পড়েছে।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিপি) তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রাজশাহী বিভাগে ২০২১ সালে প্রতি এক লাখ জনসংখ্যায় যক্ষ্মা শনাক্তের হার ছিল ১৩৫ জন, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৮১ জনে। পরিসংখ্যান অনুযায়ী, শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বছরে বছরে বৃদ্ধি পেয়েছ। ২০২১ সালে ছিল ২৭ হাজার ৯৫৪ জন, ২০২৩ সালে ২৯ হাজার ৮০৬ জন, ২০২৪ সালে ৩৪ হাজার ৩৫ জন এবং ২০২৫ সালে তা আরও বেড়ে ৩৫ হাজার ৯৬২ জনে দাঁড়িয়েছে। মাত্র চার বছরের ব্যবধানে নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৮ হাজার। ২০২৫ সালের পরিসংখ্যানে দেখা যায়, শনাক্ত হওয়া মোট রোগীর মধ্যে ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত রোগীই সর্বাধিক ২৩ হাজার ২৩৪ জন, যা মোট রোগীর প্রায় ৬৫ শতাংশ।

বিভাগের আটটি জেলার মধ্যে ২০২৫ সালের তথ্য পর্যালোচনা করলে শনাক্তের সংখ্যায় সবচেয়ে নাজুক অবস্থায় দেখা যায় বগুড়া ও রাজশাহী জেলাকে। বগুড়ায় ৪৭ হাজার জিন পরীক্ষায় ৪ হাজার ৪৪৮ জন (৯.৪৯ শতাংশ), সিরাজগঞ্জে ৩৯ হাজার ১১২টি পরীক্ষায় ৩ হাজার ৫২৩ জন (৯.০১ শতাংশ), রাজশাহীতে ৪৬ হাজার ৪৯৪টি পরীক্ষায় ৪ হাজার ১৩ জন (৮.৬৩ শতাংশ), নাটোরে ২৫ হাজার ৩৬০টি পরীক্ষায় ২ হাজার ২৩৮ জন (৮.৮২ শতাংশ), নওগাঁয় ৩২ হাজার ৬১৮টি পরীক্ষায় ২ হাজার ৩৬১ জন (৭.২৪ শতাংশ) এবং পাবনায় ৩১ হাজার ৪৭২টি পরীক্ষার বিপরীতে ২ হাজার ১০২ জন (৬.৬৮ শতাংশ) যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দফতরের তথ্যমতে, ২০২৫ সালে ৩৫ হাজার ৯৬২ জন নতুন রোগী চিকিৎসার আওতায় আসেন এবং সাধারণ যক্ষ্মায় চিকিৎসার সাফল্যের হার ৯৩.৫ শতাংশ। তবে সবচেয়ে বড় ভীতি ছড়াচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট বা সাধারণ ওষুধে নিরাময় হয় না এমন যক্ষ্মা (ডিআর-টিবি)। ২০২৫ সালে শনাক্ত হওয়া ১৪০ জন ডিআর-টিবি রোগীর মধ্যে মাত্র ১২৩ জন সুস্থতার পর্যায়ে পৌঁছেছেন, ৭ জন মারা গেছেন। বাকিদের মধ্যে চিকিৎসা থেকে ড্রপ আউট হয়েছেন ৫ এবং ২ জন চিকিৎসা নিচ্ছেন।

পরিসংখ্যানে দেখা যায়, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে রাজশাহী বিভাগে ডিআর-টিবিতে আক্রান্ত হয়ে ৭০ জন রোগী প্রাণ হারিয়েছেন। এদিকে সরকারের লক্ষ্যমাত্রা যেখানে প্রতি লাখে ২২১ জন রোগী শনাক্ত করা, সেখানে বর্তমান হার মাত্র ১৮১ জন। অর্থাৎ প্রতি লাখে ৪০ জন করে পুরো বিভাগে বছরে প্রায় ১০ হাজার সম্ভাব্য যক্ষ্মা রোগী শনাক্তের বাইরে থেকে যাচ্ছেন। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, শিশুদের যক্ষ্মা শনাক্তের হার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক নিচে, মাত্র ৪.৭৪ শতাংশ।

অনুসন্ধানে জানা যায়, চিকিৎসা ও রোগ নির্ণয় ব্যবস্থা ভেঙে পড়ার মূলে রয়েছে দুই স্তরের তীব্র জনবল সংকট। প্রথমত, রাজশাহী বিভাগে স্বাস্থ্য সহকারীর মোট ২ হাজার ৬৬৬টি অনুমোদিত পদের মধ্যে ১ হাজার ২২১টি পদই বর্তমানে শূন্য পড়ে আছে, যার ফলে মাঠপর্যায়ে রোগীদের ফলো-আপ এবং নিয়মিত ওষুধ সেবন তদারকির চেইন প্রায় অকার্যকর হয়ে পড়েছে।

দ্বিতীয়ত, আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফান্ডের অর্থায়নে ২০২১-২২ সাল থেকে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্টরা যক্ষ্মা নির্ণয়ে মূল ভূমিকা পালন করলেও ২০২৫ সালের ডিসেম্বরে অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় ল্যাবগুলো চরম সংকটে পড়েছে। এই দক্ষ জনবলকে সরকারের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি)-এর আওতায় নেওয়ার উদ্যোগ একনেকে নীতিগত অনুমোদন পেলেও এখনো প্রশাসনিক অনুমোদন ও প্রজেক্ট ডিরেক্টর (পিডি) নিয়োগ পায়নি। ফলে অনিশ্চয়তার মধ্যেও মানবিক দিক বিবেচনা করে এই টেকনোলজিস্টরা গত ৮ থেকে ১০ মাস ধরে সম্পূর্ণ বিনা বেতনে সেবা দিয়ে যাচ্ছেন। সারাদেশে ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত এই জনবল ১০ লাখ ৬০ হাজার জিন এক্সপার্ট, ৪ লাখ এক্স-রে এবং ৮১ হাজার ৬০০ জন নতুন যক্ষ্মা রোগী শনাক্ত করেছেন বলে জানা গেছে।

যক্ষ্মা (টিবি) চিকিৎসা কার্যক্রম ও ল্যাব টেকনোলজিস্টদের সংকট নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী বক্ষব্যধী হাসপাতালের এক কর্মকর্তা বলেন, যক্ষ্মা রোগ নির্ণয়ে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয়ভাবে একটি এনটিআরএল এবং আঞ্চলিক পর্যায়ে পাঁচটি আরটিআরএল চালু থাকলেও, মাঠপর্যায়ের পেরিফেরাল ল্যাবগুলোতে তীব্র জনবল সংকট রয়েছে। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (UHC), মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা সদর হাসপাতাল-এর টিবি সেন্টারগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্টদের পদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই সংকট চরম আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্যসংখ্যক কর্মীর মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বরে এবং বাকিদের মেয়াদ ২০২৬ সালের সেপ্টেম্বরে শেষ হয়ে যায়। এছাড়া আঞ্চলিক পর্যায়ে পাঁচটি আরটিআরএল এর মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে।

এ খাতের পুরো চিকিৎসা ব্যবস্থা হুমকির মুখে দাবি করে তিনি বলেন, মেয়াদ শেষ হওয়া টেকনোলজিস্টদের নিয়োগ দেওয়া হয়েছিল গ্লোবাল ফান্ডের অর্থায়নে স্বাস্থ্য অধিদফতরের অধীনে। চুক্তি অনুযায়ী গ্লোবাল ফান্ড ২০২৫ সালের ডিসেম্বরের পর তাদের নিয়মিত অর্থায়ন বন্ধ করে দেয়। ২০২৬ সালের শুরু থেকে কর্মীদের সরকারি ডিপিপি-এর আওতায় নেওয়ার প্রস্তাবনা থাকলেও তা বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে। প্রস্তাবিত ডিপিপিটি একনেকে নীতিগত অনুমোদন পেলেও এখনো প্রশাসনিক অনুমোদন পায়নি। ফলে ল্যাবগুলোতে প্রয়োজনীয় কারিগরি সহায়তার অভাবে পুরো যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম চরম অনিশ্চয়তায় পড়েছে।

মানবিক বিবেচনা ও কর্মীদের মানবিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যৎ চাকরি ও নীতি-নির্ধারকদের মৌখিক আশ্বাসের ওপর আস্থা রেখে টেকনোলজিস্টরা বিগত ৮ থেকে ১০ মাস ধরে সম্পূর্ণ বিনা বেতনে কাজ করে যাচ্ছেন। কর্মবিরতি বা আন্দোলনে গেলে প্রান্তিক যক্ষ্মা রোগীদের চিকিৎসাসেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এই মানবিক দিক বিবেচনা করে তারা সেবা প্রদান অব্যাহত রেখেছেন।

মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরে রাজশাহীর পবা পেরিফেরিতে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট আরিফুল ইসলাম সারাবাংলা-কে বলেন, ‘প্রকল্পের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের মৌখিক আশ্বাসের ওপর ভরসা রেখে তারা প্রায় ১০ মাস ধরে সম্পূর্ণ বিনা বেতনে নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। কেবল রাজশাহী নয়, বরং সারাদেশের চিত্রই একই রকম। নানা সামাজিক ও আর্থিক টানাপোড়েনের মধ্যেও কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য কোনো কর্মী কাজ ছেড়ে যাননি এবং প্রতিটি প্রতিষ্ঠানেই সার্ভিস চালু রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, সিভিল সার্জনের মাধ্যমে তাদের স্ব-পদে বহাল রাখার একটি আশ্বাস দেওয়া হয়েছিল তবে দাপ্তরিক নিয়মনীতি ও জটিলতার কারণে তা এখনো পুরোপুরি কার্যকর না হওয়ায় তাঁরা আশাবাদী হলেও পুরোপুরি অনিশ্চয়তা কাটাতে পারছেন না।

রোগ নির্ণয় ও চিকিৎসা সরঞ্জামের বিষয়ে তিনি বলেন, মাঝখানে টিবি ডায়াগনোসিস পদ্ধতির কার্টিজের সংকট দেখা দিলেও বর্তমানে তা সহনীয় পর্যায়ে এসেছে এবং প্রয়োজনীয় ওষুধেরও কোনো ঘাটতি নেই। তবে ডিপিপি অনুমোদনের পর নতুন কর্মী নিয়োগ না দিয়ে তাদের বহাল রাখার জোর দাবি জানান এই টেকনোলজিস্ট। তার মতে, তারা বিগত ৫ থেকে ৭ বছর ধরে এই খাতে কর্মরত এবং এরই মধ্যে একাধিকবার উচ্চতর প্রশিক্ষণ পেয়েছেন। ফলে নতুন কর্মী নিয়োগ দিলে সরকারের যে বাড়তি অর্থ ও প্রশিক্ষণ ব্যয়ের প্রয়োজন হতো, অভিজ্ঞ কর্মীদের রেখে দিলে সেই সাশ্রয় হবে।

স্বাস্থ্য খাতের বর্তমান চ্যালেঞ্জ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করেছেন টিবি গবেষক ও রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ জান্নাতুন রায়হান। তিনি বলেন, স্বাস্থ্য খাতে বিদ্যমান জনবল সংকট কেবল স্থানীয় কোনো সমস্যা নয়, বরং এটি দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থারই একটি কঠিন বাস্তবতা। একজন চিকিৎসক হিসেবে সব শূন্য পদ পূরণের প্রত্যাশা থাকলেও উন্নয়নশীল দেশের আর্থিক সীমাবদ্ধতাকেও বিবেচনায় রাখতে হয়। তবে এই বিপুল জনবল ঘাটতি, বিশেষ করে অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্টের অভাব এবং প্রকল্পভিত্তিক কর্মীদের অনিশ্চিত পরিস্থিতির কারণে মাঠপর্যায়ে নিয়মিত চিকিৎসাসেবা দিতে গিয়ে তাদের চরম বেগ পেতে হচ্ছে। অবশ্য বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অত্যন্ত ইতিবাচক এবং সরকারিভাবে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতির অগ্রগতির কথা তুলে ধরে এই যক্ষ্মা বিশেষজ্ঞ বলেন, আগে জিনএক্সপার্ট কিটের যে সংকট ছিল তা এখন অনেকাংশে কেটে গেছে এবং পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত চলছে। এমনকি কিটের ওপর অতিরিক্ত চাপ কমাতে কম খরচে নতুন বিকল্প পরীক্ষা পদ্ধতিও চালু করা হয়েছে। এছাড়া আধুনিক যন্ত্রপাতি, ডিজিটাল প্রযুক্তি এবং এআই-ভিত্তিক এক্স-রের সমন্বয়ে রোগী শনাক্তকরণের হার আগের চেয়ে বহুগুণ বেড়েছে।

তবে প্রযুক্তিগত অগ্রগতি সত্ত্বেও জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডা. রায়হান। তিনি সতর্ক করে বলেন, ২০৩৫ সালের মধ্যে ‘জিরো টিবি’ অর্জনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার তুলনায় আমরা এখনো বেশ পিছিয়ে আছি। সন্দেহভাজন রোগীদের সময়মতো শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা না গেলে সম্প্রদায় পর্যায়ে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি থেকে যায়। এ কারণে মাঝপথে চিকিৎসা ছেড়ে দেওয়া বা ‘ড্রপআউট’ রোগীদের নিয়মিত নজরদারিতে রাখতে বর্তমানে আধুনিক সফটওয়্যার ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থার সহায়তা নেওয়া হচ্ছে।

রাজশাহী বিভাগীয় যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. মো. সাইফুল ইসলাম সারাবাংলা-কে বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতি লাখ জনসংখ্যায় যক্ষ্মা রোগী থাকার কথা ২২১ জন হলেও দেশে বর্তমানে এই শনাক্তের হার প্রায় ১৭০ জনের কাছাকাছি। ফলে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ সম্ভাব্য রোগী এখনো শনাক্তের বাইরে বা ‘মিসিং’ থেকে যাচ্ছেন। মূলত ভৌগোলিক দুর্গম চরাঞ্চল, সীমান্তবর্তী এলাকা এবং কারাগারের মতো সংবেদনশীল স্থানে রোগীদের সহজে ট্র্যাকিং করা কঠিন হওয়ায় এই ঘাটতি তৈরি হয়। যেহেতু যক্ষ্মা অত্যন্ত সংক্রামক, তাই আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসার বাইরে থাকলে তাঁদের হাঁচি-কাশির মাধ্যমে পরিবার ও সমাজে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি সৃষ্টি হয়।’

তবে শনাক্তের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও চিকিৎসায় সাফল্যের হার অত্যন্ত আশাব্যঞ্জক বলে জানান এই টিবি বিশেষজ্ঞ। তিনি উল্লেখ করেন, কঠিন প্রকৃতির ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষ্মা বা ডিআর-টিবির ক্ষেত্রে চিকিৎসায় সাফল্যের হার দাঁড়িয়েছে প্রায় ৮৫ থেকে ৮৭ শতাংশ। গত ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, রাজশাহী বিভাগে চিহ্নিত ১৪০ জন ডিআর-টিবি রোগীর মধ্যে ১২৩ জনই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং সাতজন মারা গেছেন। বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থার কল্যাণে রোগীদের দীর্ঘমেয়াদে হাসপাতালে না রেখে বাড়িতে বসেই চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। নিবিড় তদারকির পাশাপাশি আর্থিক সহায়তা দিয়ে সফলভাবে তাদের রোগ মুক্ত করা হচ্ছে।

তবে মাঠপর্যায়ের এই সংকটের বিপরীতে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বলেন, বিভাগে বর্তমানে কোনো কিট সংকট নেই এবং ৮ থেকে ১৬ মডিউলে ল্যাবগুলোতে নিরবচ্ছিন্ন পরীক্ষা চলছে। মাঠপর্যায়ে রোগীদের নিয়মিত ওষুধ সেবন নিশ্চিত করতে ডাইরেক্টলি অবজারভড ট্রিটমেন্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং রাজশাহী বিভাগের কেস নোটিফিকেশন রেট জাতীয় গড়ের চেয়েও ভালো।

জনবল সংকট নিরসনে কাজ চলমান জানিয়ে তিনি বলেন, শূন্য পদ পূরণে মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন জেলায় নিয়োগ সার্কুলার দেওয়া হয়েছে এবং প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে গ্লোবাল ফান্ডের মেয়াদ শেষ ও সরকারি ডিপিপি চালুর বিষয়ে তার জানা নেই বলে মন্তব্য করেন তিনি।

The post প্রকল্প জটিলতা ও জনবল সংকট: রাজশাহীতে ৫ বছরে টিবি রোগী বেড়েছে ৩৪% first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.