টুঙ্গিপাড়ায় বিজিবির গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫ হাজার
ঢাকা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। এতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫ হাজার জনকে। এ ছাড়া মামলার এজাহারে ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) খুলনা থানায় উপস্থিত হয়ে বিজিবির খুলনা […] The post টুঙ্গিপাড়ায় বিজিবির গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫ হাজার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। এতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫ হাজার জনকে। এ ছাড়া মামলার এজাহারে ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) খুলনা থানায় উপস্থিত হয়ে বিজিবির খুলনা সেক্টর সদর দফতরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হক, সহসভাপতি রিপন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস কালুসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৫ হাজার জনকে।
এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি। তখন টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে রওনা দিয়ে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে পথরোধ করেন। তখন বিজিবির পক্ষ থেকে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এ সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
মামলায় আরও উল্লেখ করা হয়, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে ভস্মীভূত হয়। অপর একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গোপালগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, ‘বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা হয়েছে। তবে এসব মামলায় এখন পর্যন্ত কোনো গ্রেফতার নেই।’
উল্লেখ্য, টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়, থানা ভবন, আসবাবপত্র, যানবাহন, পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে যাওয়ায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। কাগজে-কলমে দায়িত্ব বণ্টন থাকলেও বাস্তবে সেই কার্যক্রম পরিচালনার পরিবেশ নেই। তাই দৈনন্দিন কার্যক্রমের প্রতিবেদন পুলিশ সদর দফতর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠাতে হয়। সেই অনুযায়ী কাগজে-কলমে গত এক সপ্তাহ ধরে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ হোসেন। এ ছাড়া টহল পুলিশের দায়িত্বে উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান ও এসআই নাজমুল হোসেন দায়িত্ব পালন করছেন।
The post টুঙ্গিপাড়ায় বিজিবির গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫ হাজার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





