হজ ও ওমরাহযাত্রীদের ডিজিটাল স্বাস্থ্যসেবা

শেয়ারট্রিপ-মেডিকএআই অংশীদারত্বে হজযাত্রীদের স্বাস্থ্যসেবা

  • সৌদি আরবে বাংলায় অনলাইন চিকিৎসকের পরামর্শ

  • নির্ধারিত সুবিধায় পরীক্ষা, ওষুধ ও চিকিৎসা-সহায়তা

  • ৭ ও ১৫ দিনের দুটি মেম্বারশিপ পরিকল্পনা

শেয়ারট্রিপ-মেডিকএআই অংশীদারত্বে হজযাত্রীদের স্বাস্থ্যসেবা
১৬ নভেম্বর, ২০২৬ ২৩:৩৬  

সৌদি আরবে হজ ও ওমরাহ পালনে যাওয়া বাংলাদেশি যাত্রীদের জন্য বাংলায় ডিজিটাল চিকিৎসাসেবা, জরুরি স্বাস্থ্য-সহায়তা ও ভ্রমণকালীন সমন্বিত সেবা দিতে অংশীদারত্ব করেছে ট্রাভেল প্ল্যাটফর্ম শেয়ারট্রিপ এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মেডিকএআই। এ উদ্যোগের আওতায় ‘আমানা বাই মেডিকএআই’ নামে বিশেষ ট্রাভেল-হেলথ মেম্বারশিপ চালু করা হয়েছে, যার মাধ্যমে সৌদি আরবে অবস্থানকালে যাত্রীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও চিকিৎসা-সহায়তা পাবেন।

২৬ নভেম্বর, বৃহস্পতিবার, ঢাকার বসুন্ধরায় শেয়ারট্রিপের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেডিকএআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন সহপ্রতিষ্ঠাতা ও প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) মুশেব মানিয়ার, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনসুর আলবালুশি, রিলেশনশিপ ম্যানেজার সালেহ আলবালুশি এবং সহপ্রতিষ্ঠাতা কামরুল হাসান।

শেয়ারট্রিপের পক্ষে উপস্থিত ছিলেন সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক, প্রতিষ্ঠাতা কাশেফুর রহমান, চিফ সেলস অফিসার শিবলী সাদিক, হেড অব মার্কেটিং নাফিজ চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারত্বের মাধ্যমে হজ ও ওমরাহযাত্রীরা সৌদি আরবে অবস্থানকালে লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে বাংলায় অনলাইন পরামর্শ বা টেলিমেডিসিন সেবা নিতে পারবেন। মেম্বারশিপের নির্ধারিত সুবিধা ও শর্ত অনুযায়ী ডায়াগনস্টিক পরীক্ষা, ফার্মেসি-সংক্রান্ত সহায়তা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থাও থাকবে।

জরুরি চিকিৎসার প্রয়োজনে মেডিকেল ইভাকুয়েশন বা উন্নত চিকিৎসার জন্য অন্য স্থানে স্থানান্তর এবং প্রয়োজন হলে নিজ দেশে ফিরিয়ে আনার (রিপ্যাট্রিয়েশন) ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ভ্রমণকালীন বিভিন্ন প্রয়োজনে যাত্রীদের জন্য থাকবে কনসিয়ার্জ ও ট্রাভেল কো-অর্ডিনেশন সেবা। গ্রাহক সহায়তা পাওয়া যাবে বাংলা ও ইংরেজি—উভয় ভাষায়।

হজ ও ওমরাহযাত্রীদের ভ্রমণের সময়সীমা বিবেচনায় ‘আমানা বাই মেডিকএআই’-এর দুটি মেম্বারশিপ পরিকল্পনা রাখা হয়েছে। ‘প্ল্যান এ-লাইট’-এর মেয়াদ ১ থেকে ৭ দিন এবং ‘প্ল্যান বি-লাইট’-এর মেয়াদ সর্বোচ্চ ১৫ দিন।

সেবাটি বর্তমানে শেয়ারট্রিপের মাধ্যমে ওমরাহযাত্রীদের জন্য চালু রয়েছে। শিগগিরই অনলাইন বুকিং সুবিধা চালুর মাধ্যমে সেবাটি আরও সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

শেয়ারট্রিপ ও মেডিকএআই জানিয়েছে, বিদেশে ধর্মীয় সফরের সময় বাংলাদেশি যাত্রীদের স্বাস্থ্যসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করা এবং জরুরি পরিস্থিতিতে চিকিৎসা ও সমন্বিত সহায়তা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। বিশেষ করে ভাষাগত সীমাবদ্ধতা ও অপরিচিত পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে এই উদ্যোগ হজ ও ওমরাহযাত্রীদের বাড়তি নিরাপত্তা ও স্বস্তি দিতে পারে বলে আশা করছে প্রতিষ্ঠান দুটি।

//ডিবিটেক/এফএসসি/ডিআরই/এফওইড//