‘চিকিৎসক-নার্সের অনুপাতে ভারসাম্যহীনতায় স্বাস্থ্য জনবলের কাঠামো ভেঙে পড়েছে’

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার ফ্ল্যাগশিপ কর্মসূচি বাস্তবায়নে বাড়তি ২০ হাজার চিকিৎসক ও ৬০ হাজার নার্স প্রয়োজন। বর্তমানে দেশে চিকিৎসক ও নার্সের অনুপাত ভারসাম্যহীন হওয়ায় স্বাস্থ্য জনবলের পিরামিড কাঠামো ভেঙে পড়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক […] The post ‘চিকিৎসক-নার্সের অনুপাতে ভারসাম্যহীনতায় স্বাস্থ্য জনবলের কাঠামো ভেঙে পড়েছে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘চিকিৎসক-নার্সের অনুপাতে ভারসাম্যহীনতায় স্বাস্থ্য জনবলের কাঠামো ভেঙে পড়েছে’
২৬ নভেম্বর, ২০২৬ ০২:০০  

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার ফ্ল্যাগশিপ কর্মসূচি বাস্তবায়নে বাড়তি ২০ হাজার চিকিৎসক ও ৬০ হাজার নার্স প্রয়োজন। বর্তমানে দেশে চিকিৎসক ও নার্সের অনুপাত ভারসাম্যহীন হওয়ায় স্বাস্থ্য জনবলের পিরামিড কাঠামো ভেঙে পড়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে ‘২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্য জনবলের চাহিদার প্রক্ষেপণ’ শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতর (ডিজিএমই) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, ‘আদর্শ স্বাস্থ্য ব্যবস্থায় একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স থাকার কথা থাকলেও দেশে প্রায় এক লাখ ছয় হাজার চিকিৎসকের বিপরীতে নার্স ও মিডওয়াইফ রয়েছেন মাত্র এক লাখ নয় হাজার। ফলে পিরামিড কাঠামো সোজা হয়ে সিলিন্ডারে পরিণত হয়েছে। জনবলের অন্যান্য স্তরে ঘাটতি থাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের বাড়তি কাজের চাপ নিতে হচ্ছে।’

পদ সৃজনের জটিলতা তুলে ধরে ডা. এম এ মুহিত বলেন, ‘স্বাস্থ্যখাতে নতুন পদ সৃষ্টির প্রস্তাব দিলে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় পরিচালন ব্যয় বাড়ার অজুহাতে তা কমিয়ে দেয়। বিশ্বের সব দেশে স্বাস্থ্যখাতের বাজেটের ৬০ শতাংশই বেতন-ভাতাসহ পরিচালন খাতে ব্যয় হয়। আমাদের নীতিনির্ধারকদের মানসিকতায় এই পরিবর্তন আনা জরুরি।’ পাশাপাশি চিকিৎসকদের কর্মসংস্থান বাড়াতে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি ও পারিবারিক চিকিৎসা মডেল উৎসাহিত করার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লে চিকিৎসকদের গতানুগতিক কাজের চাপ কমবে এবং কর্মঘণ্টা সাশ্রয় হবে। তবে মেডিকেল কলেজগুলোতে মৌলিক বিজ্ঞানের শিক্ষকের তীব্র সংকট কাটাতে না পারলে চিকিৎসক তৈরির হার বাড়ানো কঠিন হবে।’ এছাড়া হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিচালনার জন্য দক্ষ ‘স্বাস্থ্য ব্যবস্থাপক’ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. এ এন এম বজলুর রশিদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. রাজেশ নারওয়াল এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক ড. মো. নূরনবী শেখ।

The post ‘চিকিৎসক-নার্সের অনুপাতে ভারসাম্যহীনতায় স্বাস্থ্য জনবলের কাঠামো ভেঙে পড়েছে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.