গোবিপ্রবি-তে জিএসটিইউ-রিসার্চ এক্সপার্ট’র কর্মশালা অনুষ্ঠিত

গোবিপ্রবি-তে জিএসটিইউ-রিসার্চ এক্সপার্ট’র কর্মশালা অনুষ্ঠিত
৩১ মে, ২০২৫ ০৯:০৭  
৩১ মে, ২০২৫ ১২:১০  

ইউনেস্কোর তথ্যমতে, ২০২৩ সালে প্রায় ৫২ হাজার ৮০০ বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছেন, যেখানে ২০২২ সালে এ সংখ্যা ছিল প্রায় ৪৯ হাজার ১৫০ জন।  তবে এদের অধিকাংশই নিজেদের খরচে কোর্সওয়ার্ক ভিত্তিক প্রোগ্রামে ভর্তি হয়েছেন। গবেষণাভিত্তিক বা স্কলারশিপসহ উচ্চশিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম।


এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বাড়াতে কাজ করছেআন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহায়তাদানকারী প্রতিষ্ঠান  ‘রিসার্চ এক্সপার্ট’। এরই অংশ হিসেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের সঙ্গে (জিএসটিইউ) যৌথভাবে আয়োজনে  ২৮ ও ২৯ মে, রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গুগল মিট প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো  ‘রাইট টু পাবলিশ: অ্যা রিসার্চ জার্নি’। 

 দুদিনের অনলাইন কর্মশালাটি  সঞ্চালনা করেন রিসার্চ এক্সপার্ট টিমের সদস্য শাহরান ইয়াকিন অনিম। প্রশিক্ষক হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটির পিএইচডি প্রার্থী তাহসিন আঞ্জুম এবং ইউনিভার্সিটি অফ মালায়ার গবেষক তাহের হাসান নাকিব।

কর্মশালায় রিসার্চ পেপার লেখার প্রক্রিয়ার বিভিন্ন ধাপ—উপযুক্ত জার্নাল নির্বাচন, রিভিউ পদ্ধতি, লেখার গুণগত মান উন্নয়ন ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেন, যা দেশের শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও প্রকাশনার প্রতি ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত দেয়।