বিশ্ববিদ্যালয় দিবসে ড. মিলন; ক্রস বর্ডার এডুকেশন ও শিক্ষকদের নতুন বেতন কাঠামোর ঘোষণা
কুয়েটে এআই ও রোবোটিক্স চালুর তাগিদ শিক্ষামন্ত্রীর
- কুয়েটের কারিকুলামে এআই, ন্যানোটেকনোলজি ও রোবোটিক্স যুক্ত করার নির্দেশ শিক্ষামন্ত্রীর
- বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও মেধাবীদের ফেরাতে 'ক্রস বর্ডার এডুকেশন' ও 'রিভার্স ব্রেইন ড্রেইন' মডেলের ওপর গুরুত্ব
- এমপিওভুক্ত শিক্ষকদের শিগগিরই নতুন বেতন কাঠামোতে আনার ঘোষণা প্রদান
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অবিলম্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানোটেকনোলজি ও রোবোটিক্সের মতো ফ্রন্টিয়ার টেকনোলজির বিষয়গুলো অন্তর্ভুক্ত করার তাগিদ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ১ সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার কুয়েটের ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, "একটি বিশ্ববিদ্যালয়ের মান ও বৈশ্বিক অবস্থান অনেকটাই প্রতিফলিত হয় তার অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সক্ষমতার মধ্য দিয়ে। বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করতে হলে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং শিক্ষার্থীদের সময়োপযোগী প্রযুক্তিতে দক্ষ করে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন যে সরকার 'ক্রস বর্ডার এডুকেশন' নীতিমালার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর ফলে একদিকে যেমন উচ্চশিক্ষায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অন্যদিকে দেশের অভ্যন্তরে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) যুক্ত হবে। পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানে সফল বাংলাদেশি গবেষকদের ‘রিভার্স ব্রেইন ড্রেইন’ প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশকে একটি আঞ্চলিক ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন তিনি। এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের দ্রুত নতুন বেতন কাঠামোর আওতায় আনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী।
কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। উল্লেখ্য, ২০০৩ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি)-কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের মধ্য দিয়ে কুয়েটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৪টি অনুষদের অধীনে স্নাতক পর্যায়ে ১৬টি এবং স্নাতকোত্তর পর্যায়ে ২০টি বিভাগে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী খুলনার জিয়া হল চত্বরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি এবং বিশেষ বক্তা ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু।
//ডিবিটেক/ এমএইপিআর/ এমআইএসটি//





