জুলাইয়ে সরকারি হাইস্কুলে ওয়েবসাইট, বেসরকারি শিক্ষক বদলীর সফটওয়্যার
রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়মে অনুষ্ঠিত হলো দেশের বিভিন্ন সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষকদের প্রাতিষ্ঠানিক কাজে আইসিটির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে দেশের বত্রিশটি স্কুলের প্রধান শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন।
এ উপলক্ষে ২৬ জুন, বৃহস্পতিবার সমাপনী দিনে নায়েম অডিটোরিয়ামে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। নায়েমের পরিচালক প্রফেসর ড. শাহ মো. আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিচালক ড. মো. আতিকুল ইসলাম পাঠান উপস্থিত ছিলেন।
সমাপানীতে প্রধান অতিথি বলেন, প্রত্যেকটি সরকারি হাইস্কুলের জন্য ডায়নামিক ওয়েবসাইট জুলাই মাসে চালু করা হবে। প্রধান শিক্ষকদের তা পরিচালনাসহ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আইসিটি নির্ভর করতে হবে।
তিনি আরও বলেন, একই সাথে বেসরকারি শিক্ষকদের যাবতীয় তথ্যাদি সন্নিবেশ করার জন্য বিশেষ সফটওয়্যার চালু করা হবে। বেসরকারি শিক্ষক বদলী নীতিমালা অনুসারে সেই সফটওয়্যার থেকে তথ্যাদি গ্রহণের মাধ্যমে তাদের বদলী করা হবে। তাই সকল শিক্ষককে সময়ের চাহিদা অনুযায়ী কার্যকর তথ্য প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি। শেষে শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করা হয়।







