ডিজিটাল ঈদ: প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাওয়া উৎসবের রূপ
রফিক সাহেবের বয়স ৬০, তার স্ত্রী জাহানারার ৫৫। একসময় ছেলে রাহাত আর মেয়ে রেহানাকে ঘিরে চারজনের ছোট, সুখী সংসার। সময়ের নিয়মে দু’জনেই এখন বিবাহিত, নিজেদের কর্মজীবন আর জীবিকার তাগিদে আলাদা শহরে বসবাস করেন। রফিক সাহেব-জাহানারা দম্পতি থাকেন গ্রামে, আর তাদের সংসারের প্রাণ এখন ছড়িয়ে আছে ভৌগোলিক দূরত্বে।
এই গল্পটি শুধু একটি পরিবারের নয়; বরং বাংলাদেশের হাজারো পরিবারের প্রতিচ্ছবি। কেন বলছি রফিক সাহেবের পরিবারের কথা? আসুন এখন সেটাই বলি।
রমজান শেষ হতে চললো, সামনে ঈদ। ঈদ বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব। এই উৎসবের সাথে জড়িয়ে আছে নাড়ির টান, পরিবারে ফেরা, শৈশবের স্মৃতি আর সামাজিক বন্ধনের এক অনন্য প্রকাশ। বছরের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে মানুষের আবেগ, প্রস্তুতি এবং পারস্পরিক সম্পর্কের প্রকাশ দীর্ঘদিন ধরেই একটি নির্দিষ্ট ছন্দে চলছিল। তবে গত এক দশকে প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে সেই চিরচেনা ছন্দে এসেছে লক্ষণীয় পরিবর্তন। ডিজিটাল প্ল্যাটফর্ম এখন শুধু আমাদের জীবনযাত্রার অংশ নয়, বরং ঈদের অভিজ্ঞতাকেও নতুনভাবে সংজ্ঞায়িত করছে। পাশাপাশি, ডিজিটাল সুবিধা যেমন স্বস্তি এনে দিয়েছে, তেমনি তৈরি করেছে কিছু সূক্ষ্ম দূরত্বও। রফিক সাহেব এবং তার স্ত্রী জাহানারার একসময়ের এনালগ জীবনেও এখন এসেছে ডিজিটাল ঈদের ছোঁয়া।
ঈদের কেনাকাটার অভিজ্ঞতাই ধরা যাক। রফিক সাহেবের পরিবারে একসময় ঈদের কেনাকাটা মানেই ছিল নিউ মার্কেট, গাউছিয়া বা এলাকার ব্যস্ত মার্কেটে ঘোরাঘুরি। ঈদ শপিং মানেই ছিল পরিবারের সবাইকে নিয়ে ভিড়ভাট্টার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কাটানো। সেই কোলাহল, দরদাম আর একসাথে সময় কাটানোর মধ্যেই ছিল উৎসবের একটি বড় আনন্দ। এখন সেই চিত্র অনেকটাই পরিবর্তিত। রফিক সাহেব যদিও এখনো ঘুড়ে ঘুড়েই বাজার করতে পছন্দ করেন তবে তার ছেলে-মেয়েরা অনলাইন শপিং প্ল্যাটফর্ম, এবং ই-কমার্স সাইটগুলো থেকে ঈদের বাজার করছে ঘরে বসেই। এর ফলে সময় ও শ্রম বাঁচছে, বিশেষ করে কর্মজীবী মানুষের জন্য এটি একটি বড় সুবিধা। এটি নিঃসন্দেহে আধুনিক জীবনের জন্য আশীর্বাদ। একইসঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্যও নতুন বাজার তৈরি হয়েছে। শপিং এখন আর পারিবারিক আড্ডার অংশ নয়, বরং ব্যক্তিগত স্ক্রিনভিত্তিক একটি কাজ হয়ে উঠছে। তবে প্রশ্ন থেকে যায়, এই সহজতার মাধ্যমে কি আমাদের সম্মিলিত কেনাকাটার আনন্দ হারাচ্ছি না, যা ঈদের প্রস্তুতির অবিচ্ছেদ্য অংশ ছিল?
এখন আসা যাক ইদে বাড়ি ফেরার গল্প নিয়ে। ঈদে বাড়ি ফেরা বাংলাদেশের মানুষের এক গভীর আবেগের নাম। বাংলাদেশের সবচেয়ে বড় বার্ষিক মানবস্রোত। প্রতিবছর লাখো মানুষ রাজধানী ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। অতীতে পরিবহন টিকিট সংগ্রহ ছিল ভোগান্তির অন্যতম প্রতীক যেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়ার হতাশা ছিল নিত্যদিনের ঘটনা। এখন মোবাইল অ্যাপ ও অনলাইন বুকিং সিস্টেম এই প্রক্রিয়াকে অনেক সহজ করেছে। ট্রেন, বাস বা লঞ্চের টিকিট এখন কয়েক মিনিটেই সংগ্রহ করা সম্ভব। রেহানার পরিবার এবার অনলাইনেই টিকিট কেটে বাসে করে গ্রামে ফিরছে। তবে প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থায়ও চ্যালেঞ্জ রয়েছে যেমন সার্ভার জটিলতা, টিকিট কালোবাজারি বা স্বল্প সময়ের মধ্যে টিকিট শেষ হয়ে যাওয়ার অভিযোগ এখনও পুরোপুরি দূর হয়নি। ফলে ডিজিটাল সমাধান যেমন নতুন সম্ভাবনা তৈরি করেছে, তেমনি নতুন ধরনের সমস্যারও উদ্ভব হয়েছে।
অন্যদিকে, রফিক সাহেবের ব্যক্তিগত জীবনেও প্রযুক্তির প্রভাব স্পষ্ট। তিনি নিয়মিত ইবাদত করেন, আর এখন মোবাইল অ্যাপের মাধ্যমে কোরআন তিলাওয়াত, নামাজের সময়সূচি দেখা বা ওয়াজ শোনা তার জন্য সহজ হয়েছে। ধর্মীয় চর্চা আরও সহজলভ্য হয়েছে, এটি প্রযুক্তির একটি ইতিবাচক দিক।
কিন্তু এখানে একটি সূক্ষ্ম প্রশ্নও আছে। ইবাদতের একাগ্রতা কি প্রযুক্তির বিভ্রান্তিতে বিঘ্নিত হচ্ছে? একটি নোটিফিকেশন, একটি কল, এই ছোট ছোট বিষয় কি আমাদের মনোযোগ ভেঙে দিচ্ছে? প্রযুক্তি যেমন সুযোগ তৈরি করছে, তেমনি মনোযোগের পরীক্ষাও নিচ্ছে। তবে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই অ্যাপগুলো ধর্মীয় চর্চাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
রেহানার এক ছেলে এবং এক মেয়ে। ঈদের সময় তাদের নানা-নানি, মামা-মামির থেকে সালামী চায়ই চায়। ঈদের আনন্দের একটি বড় অংশ ছিল সালামি ও বোনাসকে ঘিরে। ছোটদের জন্য সালামি মানেই ছিল বড়দের কাছ থেকে হাতে হাতে টাকা পাওয়া। যার সাথে জড়িয়ে থাকত স্নেহ ও সম্পর্কের উষ্ণতা। এখন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ডিজিটাল সালামি পাঠানোর প্রবণতা বাড়ছে। এছাড়া ডিজিটাল লেনদেন, অনলাইন দান-সদকা এবং জাকাত প্রদানের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এখন সহজেই দান করা যায়, যা স্বচ্ছতা ও দ্রুততা বাড়িয়েছে। তবে এখানে বিশ্বাসযোগ্যতা ও সঠিক বণ্টনের প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি একদিকে যেমন আর্থিক লেনদেনকে সহজ করেছে, অন্যদিকে নগদ অর্থের সরাসরি আদান-প্রদানের যে আবেগ, তা কিছুটা হলেও কমিয়ে দিয়েছে।
রাহাত এর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, রফিক সাহেবের ছেলে। এবার ঈদে তার গ্রামে ফেরা হচ্ছে না। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, ফলে ডাক্তার দীর্ঘ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন অনাগত সন্তানের ভালোর জন্য। একসময় এটি মানে ছিল ঈদের আনন্দ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। কিন্তু এখন ভিডিও কল সেই দূরত্ব অনেকটাই কমিয়ে দিয়েছে। ঈদের সকালে স্মার্টফোনের স্ক্রিনে ভেসে ওঠে পরিবারের মুখ, শোনা যায় কণ্ঠ। প্রযুক্তি এখানে আশীর্বাদ।
একসময় ঈদে সবাই একসাথে হতো। আর ঈদের দিন আত্মীয়-স্বজনের বাসায় গিয়ে দেখা করা ছিল সামাজিকতার মূল অংশ। বর্তমান সময়ে অভিবাসন ও বৈশ্বিক কর্মসংস্থান এছাড়াও, আরও অন্যান্য কারণে অনেক পরিবার ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন। ঈদের দিনে সবার একত্রিত হওয়া সবসময় সম্ভব হয় না। এখন ভিডিও কল, মেসেজিং অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই যোগাযোগ অনেক সহজ হয়েছে। এই বাস্তবতায় ভিডিও কল প্রবাসে থাকা বা দূরে থাকা প্রিয়জনদের জন্য এটি নিঃসন্দেহে একটি আশীর্বাদ। স্মার্টফোনের স্ক্রিনে দেখা যায় প্রিয়জনের মুখ, শোনা যায় কণ্ঠ, যা দূরত্বকে অনেকটাই কমিয়ে দেয়। তবে এটিও সত্য, ভার্চুয়াল উপস্থিতি কখনোই বাস্তব মিলনের বিকল্প হতে পারে না। প্রযুক্তি আমাদের কাছে এনেছে, আবার এক ধরনের দূরত্বও তৈরি করেছে। কিন্তু একইসাথে বাস্তব উপস্থিতির জায়গাটি কি ভার্চুয়াল যোগাযোগ দখল করে নিচ্ছে? আমরা কি ধীরে ধীরে “দেখা করা” থেকে “স্ক্রিনে দেখা”র দিকে সরে যাচ্ছি?
রফিক সাহেবের তুলনায় তার নাতি-নাতনিদের কাছে সোশ্যাল মিডিয়া ঈদের আনন্দকে আরও দৃশ্যমান করেছে। মানুষ ছবি, ভিডিও, স্মৃতি শেয়ার করছে যা একদিকে সামাজিক সংযোগকে প্রসারিত করছে, অন্যদিকে একটি ‘প্রদর্শন সংস্কৃতি’ও তৈরি করছে। ঈদের আনন্দ কখনো কখনো হয়ে উঠছে তুলনার বিষয়—কে কোথায় গেল, কী পরল, কী খেল এই প্রতিযোগিতা অনেকে অনুভব করে। ফলে উৎসবের সরলতা কিছুটা হলেও জটিল হয়ে উঠছে। আবার ঈদের শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। রফিক সাহেবের সময়ে হাতে লেখা কার্ড বা সরাসরি দেখা করে শুভেচ্ছা জানানো ছিল প্রচলিত। কিন্তু এখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট, স্ট্যাটাস বা ছবি দিয়েই শত শত মানুষকে একসাথে শুভেচ্ছা জানানো যায়। এতে যোগাযোগের পরিধি বেড়েছে ঠিকই, কিন্তু ব্যক্তিগত সম্পর্কের গভীরতা কি আগের মতো থাকছে?
ডিজিটাল ঈদের আরেকটি দিক হলো কনটেন্ট কালচার। ইউটিউব ভিডিও, ঈদের বিশেষ নাটক, ওয়েব সিরিজ, শর্ট ভিডিও, সব মিলিয়ে বিনোদনের এক নতুন দুনিয়া তৈরি হয়েছে। ফলে ঈদের অবসর সময় এখন অনেকটাই স্ক্রিননির্ভর হয়ে উঠছে। পরিবারে বসে একসাথে টিভি দেখার সংস্কৃতির জায়গা দখল করছে ব্যক্তিগত ডিভাইস। রফিক সাহেব লক্ষ্য করেন, নাতি-নাতনিরা গ্রামে এসেও তার সঙ্গে গল্প করার চেয়ে মোবাইলেই বেশি ব্যস্ত। তাদের সাথে গল্প করাকে গৌণ মনে করে ওই মোবাইল বা ডিভাইসের মধ্যেই সারাক্ষণ বুধ হয়ে থাকছে।
সব মিলিয়ে বলা যায়, প্রযুক্তি আমাদের ঈদকে সহজ, দ্রুত ও সংযুক্ত করেছে। কিন্তু একইসাথে এটি আমাদের সামাজিক আচরণ, সম্পর্কের ধরন এবং উৎসবের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। প্রযুক্তি নিঃসন্দেহে আমাদের জীবনকে সহজ করেছে, সময় বাঁচিয়েছে এবং নতুন সুযোগ তৈরি করেছে। তবে একইসঙ্গে এটি আমাদের সামাজিক ও পারিবারিক অভ্যাসেও পরিবর্তন এনেছে। তাই প্রয়োজন একটি সচেতন ভারসাম্য, যেখানে প্রযুক্তি থাকবে, কিন্তু মানবিক সম্পর্কের জায়গা দখল করবে না। ডিজিটাল যুগে ঈদ নতুন রূপ পেয়েছে কিন্তু এর আত্মা এখনো মানুষের মধ্যেই বাস করে। সেই আত্মাকে বাঁচিয়ে রাখাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।
লেখক: ডেপুটি ম্যানেজার (পাবলিক রিলেশনস),



