‘অনিয়ম’ নিয়ে যবিপ্রবির বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভা
শিক্ষক, কর্মকতা ও কর্মচারীদের আপগ্রেডেশন ও প্রমোশন আটকে রাখার অভিযোগ নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকা ও অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে ২৭ আগস্ট বুধবার যবিপ্রবির প্রশাসনিক ভবনে তিনটি সভা হয়েছে। উপাচার্যের সম্মেলন কক্ষে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনের সভাপতিত্বে সভাগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় যবিপ্রবি প্রশাসনের পক্ষে উক্ত মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদ জানিয়ে সকলের উদ্দেশ্যে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্বনামধন্য পত্রিকা ও অনলাইন পত্রিকায় “যবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি আটকে থাকার অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন যবিপ্রবি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষক-কর্মকতা-কর্মচারীদের আপগ্রেডেশন-প্রমোশন আটকে রাখা হয়েছে। প্রকৃতপক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের ফলে প্রশাসনে সকল পর্যায়ে শুন্যতা সৃষ্টি হয়। যবিপ্রবি উপাচার্য দায়িত্ব গ্রহণের পরপরই যবিপ্রবির আইন ২০০১ অনুযায়ী শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী নীতিমালা যুগোপযোগী করা হয়েছে। শিক্ষক নিয়োগের উচ্চতর ও নিম্নতর বাছাই বোর্ড, কর্মকর্তা বাছাই বোর্ড ও কর্মচারী বাছাই বোর্ড নতুনভাবে গঠনের উদ্যোগ নেওয়া হয়। মন্ত্রণালয় হতে সম্প্রতি শিক্ষকদের ১৫ টি বিভাগের বোর্ড সদস্য মনোয়ন দিয়েছে, বাকীগুলো প্রক্রিয়াধীন। ইতোমধ্যে রিজেন্টবোর্ড গত ১৫ আগস্ট ১০৮ তম সভায় ঐ ১৫ টি বিভাগের নিয়োগবোর্ডে বাকী সদস্যদের নাম প্রস্তাব করেছে। উক্ত বিভাগগুলো হতে যুগোপযোগী নীতিমালা অনুসরণপূর্বক আপগ্রেডেশন ও প্রমোশনের জন্য গত ১৮ আগস্ট যবিপ্রবির রেজিস্ট্রার কর্তৃক সকল বিভাগে শিক্ষকগণের আপগ্রেডেশনের জন্য প্লানিং কমিটির সুপারিশ প্রেরণের অনুরোধ করা হয় যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ১৯ আগস্ট দেওয়া আছে। বিভাগগুলো হতে প্লানিং কমিটির রিপোর্ট পাওয়া মাত্রই পর্যায়ক্রমে বোর্ড শুরু হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে প্রকাশ, গত ২৩ মার্চ শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি এবং ২ জুন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ ও পদোন্নতির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত আবেদনের প্রেক্ষিতে অভ্যন্তরীণ ও বহিঃস্থ নিয়োগ ও পদোন্নতির জন্য প্রাপ্ত আবেদন পত্রের যাচাই-বাছাই কার্যক্রম ও কমপারাটিভ স্টাডি (সিএস) চলমান রয়েছে। শিক্ষক নিয়োগের জন্য ২৮ টি বিভাগ ও ১ টি অনুষদের মোট ৫৮ টি যার ২৯ টি উচ্চতর ও ২৯ টি নিম্নতর বোর্ড গঠন করতে হচ্ছে। যার মধ্যে ১৫ আগস্ট তারিখে অনুষ্ঠিতব্য রিজেন্ট বোর্ডে অর্ধেক সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ হতে এই প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্ঠা চলমান আছে। বহিঃস্থ সদস্য নির্বাচন ও মন্ত্রণালয় হতে অনুমোদন একটি দীর্ঘ প্রক্রিয়া। অন্যদিকে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৭ টি বোর্ড গঠনের প্রস্তাব ১৫ আগস্ট অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডে গৃহীত হয়েছে।
তাদের যুক্তি, যেখানে মার্চ ও জুন মাসে নিয়োগ ও পদোন্নতির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই প্রক্রিয়াধীন, সেই সাথে রিজেন্ট বোর্ড কর্তৃক ১৫ আগস্ট বোর্ড গঠনের বিষয়টি অনুমোদিত হয়েছে এবং ১৮ আগস্ট আপগ্রেডেশনের জন্য প্রশাসনের পক্ষ হতে বিভাগ ও দপ্তরগুলোতে পত্র প্রেরণ করা হয়েছে। সেখানে ২৩ আগস্ট “যবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি আটকে থাকার অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে” শীর্ষক শিরোনামে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা কতটুকু যৌক্তিক ও তথ্যনির্ভর তা আমাদের বোধগম্য নয়। যবিপ্রবি প্রশাসন এধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। এ ধরনের মিথ্যাচার ও অপপ্রচার ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ বলা যেতে পারে।





