নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে জবাবদিহি ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি
ঢাকা: নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে শুধু আইন প্রণয়ন ও সচেতনতা তৈরিই যথেষ্ট নয়। আইনের কার্যকর প্রয়োগ, সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য সহজলভ্য সহায়তা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক জাতীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা […] The post নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে জবাবদিহি ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে শুধু আইন প্রণয়ন ও সচেতনতা তৈরিই যথেষ্ট নয়। আইনের কার্যকর প্রয়োগ, সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য সহজলভ্য সহায়তা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক জাতীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারাভিযানের সূচনা উপলক্ষে ‘ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকারদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’ প্রতিপাদ্যে এই সংলাপের আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, নারী অধিকার ও মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ চললেও নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ হচ্ছে না। সমাজে সহিংসতাকে স্বাভাবিকভাবে দেখার প্রবণতা বদলাতে হবে। একই সঙ্গে সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমজেএফের রাইটস অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামসের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী। তিনি বলেন, দেশে আইন থাকলেও সহিংসতার শিকার ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই ন্যায়বিচার পাচ্ছেন না। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, সামাজিক অপবাদ, ভয়ভীতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহির অভাব এর বড় কারণ। তিনি অভিযোগ জানানোর ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা, দ্রুত তদন্ত এবং বিশেষ করে প্রান্তিক নারী ও কন্যাশিশুদের জন্য চিকিৎসা, আইনি ও মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার আহবান জানান।
প্যানেল আলোচনায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয় ও দারিদ্র্য বিভাগের সাবেক পরিচালক ড. সেলিম জাহান বলেন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া শুধু আইন ও নীতিমালা দিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই শিক্ষার মাধ্যমে নারী-পুরুষের সমতার ধারণা গড়ে তুলতে হবে। বিভিন্ন শ্রেণি ও জনগোষ্ঠীর নারীদের অভিজ্ঞতা বুঝতে পৃথকভাবে তথ্য বিশ্লেষণের ওপরও তিনি গুরুত্ব দেন। নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
চিকিৎসক, গবেষক ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা বলেন, অনেক নারী সাহস করে সহিংসতার অভিযোগ জানালেও সহায়তা নিতে গিয়ে আবারও হয়রানি ও ভোগান্তির শিকার হন। ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারসহ বিদ্যমান সেবাকেন্দ্রগুলোতে পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়তার ব্যবস্থা আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। অভিযোগ জানানোর পর যথাযথ সেবা ও নিয়মিত খোঁজখবর নিশ্চিত করতে হবে, যাতে সহায়তা চাইতে গিয়ে কাউকে নতুন করে ক্ষতির মুখে পড়তে না হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। বৈষম্য দূর করতে নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সুযোগও সংবিধানে রয়েছে। কিন্তু সাংবিধানিক অধিকার ও বাস্তবে ন্যায়বিচার পাওয়ার মধ্যে বড় ব্যবধান রয়েছে। তিনি পুলিশের প্রশিক্ষণ, মামলার আলামত সংরক্ষণ, ফরেনসিক পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।
ঢাকায় সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন ফিলিক্স হেলগেসন বলেন, সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য চিকিৎসা, কাউন্সেলিং, আইনি সহায়তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা আরও জোরদার করতে হবে। বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে এসব সেবা পৌঁছানো জরুরি। সহিংসতা প্রতিরোধ এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে সুইডেনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা বলেন, আইন প্রণয়নের পাশাপাশি তার কার্যকর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে। তিনি অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। বাংলাদেশে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দুটি কর্মসূচিতে ইউরোপীয় ইউনিয়নের প্রায় এক কোটি ইউরো বিনিয়োগের কথাও তুলে ধরেন তিনি।
ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং বলেন, রাজনীতি ও জনপরিসরে অংশগ্রহণকারী নারীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি, হুমকি ও সহিংসতার মুখোমুখি হচ্ছেন। এসব ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি নারী অধিকার সংগঠনগুলোর জন্য ধারাবাহিক অর্থায়ন এবং সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে পুরুষ ও কিশোরদের সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্ব দেন।
সমাপনী বক্তব্যে এমজেএফের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন পারভীন মাহমুদ বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিবারে পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও সমতার শিক্ষা দিতে হবে। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের দায়িত্ব শুধু ১৬ দিনের প্রচারাভিযানে সীমাবদ্ধ রাখলে চলবে না। এটি সারা বছরের কাজ ও অঙ্গীকার হতে হবে।
অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের প্রতি সহিংসতার চিত্র তুলে ধরে নাট্যদল বটতলা একটি পরিবেশনা উপস্থাপন করে। পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন এবং নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে একাত্মতা প্রকাশ করেন। এই প্রচারাভিযান আজ শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের মাধ্যমে শেষ হবে।
The post নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে জবাবদিহি ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





