মার্কিন চিপ শুল্কে ছাড় পেতে আলোচনায় বসবে দক্ষিণ কোরিয়া

মার্কিন চিপ শুল্কে ছাড় পেতে আলোচনায় বসবে দক্ষিণ কোরিয়া
১৯ জানুয়ারি, ২০২৬ ১৮:২৯  

মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত চিপ শুল্কে সুবিধাজনক শর্ত আদায়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করবে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট দপ্তরের একজন মুখপাত্র রোববার টেলিভিশনে দেওয়া এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স।

মুখপাত্র বলেন, মেমরি চিপ আমদানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া যেন প্রতিযোগী দেশগুলোর তুলনায় কোনোভাবেই বঞ্চিত না হয়—এ বিষয়টি সিউল গুরুত্বের সঙ্গে তুলে ধরবে।

মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তির যৌথ তথ্যপত্রে এমন নিশ্চয়তা ছিল, যাতে দক্ষিণ কোরিয়ার ওপর চিপ আমদানিতে অন্যায্য বা কঠোর শুল্ক আরোপ না করা হয়। এই প্রেক্ষাপটেই ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক ঘোষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা–সংক্রান্ত চিপে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে তিনি এ অবস্থানের কথা জানান।

এর আগে শনিবার দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নত কম্পিউটিং চিপে মার্কিন শুল্ক দেশটির কোম্পানিগুলোর ওপর সীমিত প্রভাব ফেলবে। 

উল্লেখ্য, স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্স বিশ্বের শীর্ষস্থানীয় মেমরি চিপ উৎপাদনকারীদের মধ্যে অন্যতম।

ডিবিটেক/বিএমটি