হাসিনার বিরোধী দল দমনের হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর

ঢাকা: বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন চালাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। শেখ হাসিনার চাহিদা অনুযায়ী তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন। এমনকি তৎকালীন সেনাপ্রধানও তাকে নিয়ন্ত্রণ করতে পারতেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শতাধিক গুম ও খুনের ঘটনায় […] The post হাসিনার বিরোধী দল দমনের হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হাসিনার বিরোধী দল দমনের হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর
২৪ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

ঢাকা: বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন চালাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। শেখ হাসিনার চাহিদা অনুযায়ী তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন। এমনকি তৎকালীন সেনাপ্রধানও তাকে নিয়ন্ত্রণ করতে পারতেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছেন। মামলার সাক্ষীদের জবানবন্দিতে এসব বিষয় উঠে এসেছে।’

তিনি বলেন, ‘জিয়াউল আহসানের সহযোগী কমান্ডার সোহেল তার অনুগত কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে নৌকায় করে চরদুয়ানীসহ বিভিন্ন অভিযানে যেতেন। পরে ওই সাংবাদিকরা নিজেদের মতো করে সংবাদ প্রচার করতেন এবং প্রকৃত ঘটনা আড়াল করতেন বলে সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে।’

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির, মেজর দেলোয়ার হোসেনসহ অন্য সাক্ষীদের বক্তব্যেও জিয়াউল আহসানের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডের বিষয়টি উঠে এসেছে।’

জিয়াউল আহসানের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, ‘সামরিক কর্মকর্তাদের সাক্ষ্যে পাওয়া তথ্য অনুযায়ী, তার সরাসরি হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। সাক্ষীদের বর্ণনা পর্যালোচনা করে তাদের ধারণা, বিভিন্ন সময়ে ১৫০ থেকে ২০০ জনকে নির্বিচারে হত্যা করা হয়েছে। তবে এর মধ্যে প্রায় ১১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। সাক্ষীরা জিয়াউল আহসানের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেছেন।’

তিনি বলেন, ‘এত অভিযোগ থাকা সত্ত্বেও জিয়াউল আহসান বারবার পদোন্নতি পেয়েছেন এবং মেজর জেনারেল হয়েছেন। নিজ বাহিনীতে না ফিরে দীর্ঘদিন তৎকালীন র‍্যাবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনার চাহিদা অনুযায়ী ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন-পীড়নে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘তৎকালীন সেনাপ্রধানও বলেছেন, জিয়াউল আহসান তার নিয়ন্ত্রণে ছিলেন না। বিরোধী দল দমনে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছেন তিনি। এ ছাড়া জিয়াউল আহসান ‘ডিপ টেস্ট’-এর অন্যতম সদস্য হিসেবেও পরিচিত ছিলেন বলে উল্লেখ করেন আমিনুল ইসলাম।’

মামলার গুরুত্ব তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ‘জিয়াউল আহসানের মামলা দিয়েই গুমের ঘটনায় বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের ইতিহাসে গুমের ঘটনায় ট্রাইব্যুনালে প্রথমবারের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এ মামলায় সামরিক কর্মকর্তাদের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই এসব বিষয়ে জানতেন। এ কারণে তাদের কয়েকজনকে আসামি না করে সাক্ষী করা হয়েছে। অপরাধের সহযোগীদের সাক্ষী করার বিধান দেশের ফৌজদারি বিচারব্যবস্থায় রয়েছে।’

 

 

 

 

 

The post হাসিনার বিরোধী দল দমনের হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.