শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত এমএফএস 'উপায়'-এ মিলবে বিএনপিএল সুবিধা

বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি দিতে 'উপায়' ও 'স্প্লিটপে'-এর চুক্তি

  • ইউসিবি ফিনটেক 'উপায়' এবং 'স্প্লিটপে'-এর মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সেমিস্টার ফি পরিশোধ সহজ করতে কৌশলগত চুক্তি স্বাক্ষরিত।
  • 'উপায়'-এর মাধ্যমে প্রদেয় ফি পরিশোধ করে কমিউনিটি ব্যাংক পিএলসি-এর ‘বাই নাও, পে লেটার’ (বিএনপিএল) ঋণের আবেদন করতে পারবেন।
  • প্রাথমিকভাবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে চালু হওয়া এই সেবা পরবর্তীতে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও বিস্তৃত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি দিতে 'উপায়' ও 'স্প্লিটপে'-এর চুক্তি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৬  

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেমিস্টার ফি পরিশোধের প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক করতে চুক্তি স্বাক্ষর করেছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের 'উপায়' (upay) এবং টেকনোলজি ফ্যাসিলিটেশন পার্টনার 'স্প্লিটপে' (SplitPay)। ২০ সেপ্টেম্বর, রবিবার ঢাকার 'উপায়' সদর দপ্তরে এই অংশীদারিত্ব চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় শিক্ষার্থীরা প্রাথমিকভাবে 'উপায়'-এর মাধ্যমে প্রদেয় ফি পরিশোধ করে কমিউনিটি ব্যাংক পিএলসির অফারকৃত ‘বাই নাও, পে লেটার’ (বিএনপিএল) সেমিস্টার ফি ফাইনান্সিংয়ের আবেদন করতে পারবেন। আবেদন মঞ্জুর হওয়ার পর যোগ্য শিক্ষার্থীরা কিস্তিতে সেমিস্টার ফি পরিশোধের সুবিধা পাবেন। কমিউনিটি ব্যাংক পিএলসি এবং স্প্লিটপে-এর মধ্যকার দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই প্রযুক্তিগত সেবা নিশ্চিত করা হচ্ছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ‘উপায়’-এর হেড অব কর্পোরেট সেলস সাজ্জাদ আলম এবং 'স্প্লিটপে'-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবাযের মাহমুদ পুলক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘উপায়’-এর হেড অব টেকনোলজি মামুন রেজা খান, হেড অব হিউম্যান রিসোর্সেস অর্পণ কুমার সাহা, হেড অব প্রাইভেট এডুকেশন মোঃ মুরাদ হাসান, নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষক সামুয়েল মুরসালিন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) আফনান ইউসুফ এবং স্প্লিটপে-এর পরিচালক মীর মুতাসিম হোসেনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

শিক্ষার্থী ও তাদের পরিবারকে আর্থিক স্বাচ্ছন্দ্য প্রদান করা এবং শিক্ষাক্ষেত্রে ডিজিটাল ফিন্যান্সিয়াল প্রযুক্তির পরিধি বাড়ানোই এই যৌথ উদ্যোগের প্রধান লক্ষ্য। সেবাপ্রাপ্তি প্রাথমিকভাবে নির্ধারিত বিশ্ববিদ্যালয়গুলোতে উন্মুক্ত হলেও পরবর্তীতে দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তা প্রসারিত করা হবে।
//ডিবিটেক/এমএসটি/কেএইচবি/এমআইএসটি//