ইবিএল ও ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় নতুন সেবা; ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা পিন ব্যবহারেই মিলবে নিরাপদ ডিজিটাল লেনদেনের সুবিধা
ওটিপি ছাড়াই অনলাইন পেমেন্ট: বাংলাদেশে ‘ভিসা পেমেন্ট পাসকি’ চালু
অনলাইন পেমেন্টকে আরও নিরাপদ, দ্রুত এবং সহজ করতে বাংলাদেশে ‘ভিসা পেমেন্ট পাসকি’ চালু করেছে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা। ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ও ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় চালু হওয়া এ প্রযুক্তিতে গ্রাহকরা প্রচলিত ওটিপির পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা পিন ব্যবহার করে লেনদেন অনুমোদন করতে পারবেন।
অনলাইন লেনদেনকে আরও নিরাপদ, দ্রুত এবং ঝামেলামুক্ত করতে বাংলাদেশে ‘ভিসা পেমেন্ট পাসকি’ (Visa Payment Passkey) চালু করেছে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা।
শনিবার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় চালু হওয়া এ সেবার মাধ্যমে অনলাইন পেমেন্টের সময় প্রচলিত ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) ছাড়াই গ্রাহকের পরিচয় যাচাই করা সম্ভব হবে।
নতুন এ প্রযুক্তিতে গ্রাহকরা মোবাইল ফোন বা অন্য ডিভাইসে থাকা ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি অথবা পিন ব্যবহার করে সহজেই লেনদেনের অনুমোদন দিতে পারবেন। ফাস্ট আইডেন্টিটি অনলাইন (FIDO) মানদণ্ডভিত্তিক এই প্রযুক্তি অনলাইন পেমেন্টকে আরও দ্রুত, নিরাপদ ও ব্যবহারবান্ধব করবে বলে জানিয়েছে ভিসা।
ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “বাংলাদেশে ই-কমার্স ও ডিজিটাল পেমেন্ট দ্রুত বাড়ছে। কিন্তু অনলাইন লেনদেনের সময় পরিচয় যাচাইয়ের ধাপটি অনেক ক্ষেত্রে গ্রাহকদের জন্য সময়সাপেক্ষ ও জটিল হয়ে ওঠে। ভিসা পেমেন্ট পাসকি সেই অভিজ্ঞতাকে সহজ করবে। এতে গ্রাহকরা দ্রুত ও নিরাপদভাবে লেনদেন সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি মাঝপথে লেনদেন বাতিল হওয়ার ঘটনা কমবে এবং সফল পেমেন্টের হারও বাড়বে।”
ভিসার তথ্য অনুযায়ী, প্রচলিত ওটিপিভিত্তিক পদ্ধতির তুলনায় পেমেন্ট পাসকি ব্যবহারে অনলাইন লেনদেন সম্পন্ন করতে কম ধাপ অতিক্রম করতে হয়। ফলে লেনদেন মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে।
একবার নিবন্ধন সম্পন্ন করলেই গ্রাহকরা অংশগ্রহণকারী বিভিন্ন মার্চেন্ট ও ডিজিটাল প্ল্যাটফর্মে একই ধরনের অথেনটিকেশন সুবিধা ব্যবহার করতে পারবেন। প্রযুক্তিটি প্রধান অপারেটিং সিস্টেম ও ওয়েব ব্রাউজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বিশ্বজুড়ে FIDO সমর্থিত বিলিয়ন সংখ্যক ডিভাইসে ব্যবহার করা যাবে।
ভিসা জানায়, বাংলাদেশের দ্রুত সম্প্রসারিত ডিজিটাল অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ, সহজ ও ব্যবহারবান্ধব পেমেন্ট প্রযুক্তি বাজারে আনতে তারা কাজ করে যাচ্ছে। আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীদারদের সঙ্গে যৌথভাবে উদ্ভাবনী সমাধান চালুর মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও শক্তিশালী, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলাই তাদের লক্ষ্য।
//ডিবিটেক/আরআই/এমআই//
ট্যাগ





