সময়মতো এজলাসে বসার নির্দেশ, অবহেলায় ব্যবস্থা
ঢাকা: অধস্তন আদালতের বিচারকদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকা, নির্ধারিত সময় অনুযায়ী বিচারিক কার্যক্রম পরিচালনা এবং অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট বিচারকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির আদেশক্রমে সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়েছে, […] The post সময়মতো এজলাসে বসার নির্দেশ, অবহেলায় ব্যবস্থা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: অধস্তন আদালতের বিচারকদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকা, নির্ধারিত সময় অনুযায়ী বিচারিক কার্যক্রম পরিচালনা এবং অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট বিচারকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতির আদেশক্রমে সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি, এজলাসের নির্ধারিত সময়ের পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে আগেও বিভিন্ন সময়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে সম্প্রতি অধস্তন আদালতের অনেক বিচারক যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন বলে সুপ্রিম কোর্ট প্রশাসনের নজরে এসেছে। কেউ কেউ সপ্তাহের বিভিন্ন কার্যদিবসে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই একাধিকবার কর্মস্থল ছাড়ছেন। আবার অনেকে নির্ধারিত সময়ে এজলাসের কার্যক্রম শুরু করছেন না। কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিচারিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে।
সার্কুলারে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের কারণে বিচারপ্রার্থীদের বিচার পাওয়ার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিচারিক কার্যক্রমের স্বাভাবিক গতি ও শৃঙ্খলাও বিঘ্নিত হচ্ছে।
বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট কমানো এবং বিচারিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি আনতে নির্ধারিত কর্মঘণ্টার যথাযথ ব্যবহার জরুরি বলে উল্লেখ করা হয়েছে সার্কুলারে।
এ লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের কয়েকটি নির্দেশনা পুনর্ব্যক্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—প্রতিটি কর্মদিবসে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হওয়া, যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করা এবং সপ্তাহান্তের ছুটি শেষে পরবর্তী কর্মদিবসে সময়মতো কাজে যোগ দেওয়া।
এ ছাড়া নির্ধারিত সময়ে এজলাসের কার্যক্রম শুরু করা, বিচারিক কাজের জন্য বরাদ্দ সময়ের পূর্ণ সদ্ব্যবহার এবং যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ের আগে বিচারিক কার্যক্রম শেষ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে আরও সতর্ক করা হয়েছে, এসব নির্দেশনা অমান্য বা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা কিংবা অসদাচরণের অভিযোগ বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
The post সময়মতো এজলাসে বসার নির্দেশ, অবহেলায় ব্যবস্থা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





