পরীক্ষামূলক ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর

  • সকাল ১০টা ২০ মিনিট থেকে ৩০০–৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু
  • আগামী ১০ থেকে ২৪ ঘণ্টা ধরে চলবে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা
  • গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো গ্রিডে যুক্ত হয়েছিল প্রকল্পটি

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর
২৩ নভেম্বর, ২০২৬ ১১:১৭  

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ সঞ্চালন কার্যক্রম শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও গণমাধ্যম ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় পর্যায়ের এই পরীক্ষামূলক কার্যক্রমে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। ১০ থেকে ২৪ ঘণ্টাব্যাপী এই সঞ্চালন চলাকালে বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সাথে সমন্বিত পরিচালন ব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছিল। প্রথম দফার সফল সঞ্চালনের ধারাবাহিকতায় আজ দ্বিতীয়বারের মতো এই গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হলো।

পরীক্ষামূলক ধাপগুলো সফলভাবে সম্পন্ন হওয়ার পর কেন্দ্রটি থেকে বাণিজ্যিক ভিত্তিতে নিয়মিত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

//ডিবিটেক/এসআর/এনডিআর/আইএইচ//