পরিবেশ রক্ষায় বর্জ্যভিত্তিক ভাসমান বাজার
বর্জ্য রিসাইক্লিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের উদ্যোগ
- আধুনিক রিসাইক্লিং প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে দ্রুত বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনের পরিকল্পনা
- বুড়িগঙ্গা ও ঢাকার চারপাশের নদ-নদী দূষণমুক্ত করে নৌ যোগাযোগ ফেরানোর তাগিদ
- বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির যৌথ উদ্যোগে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজারের উদ্বোধন
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং প্রযুক্তির সমন্বয়ে কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস, কম্পোস্ট সার ও ডিজেল উৎপাদনের কৌশলগত প্রযুক্তিগত উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
১৯ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার) বুড়িগঙ্গা নদীর সোয়ারীঘাটে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। বর্জ্যকে সম্পদে রূপান্তরের প্রক্রিয়ায় কয়েক মাসের মধ্যেই বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক প্রযুক্তিগত ধাপে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, বর্জ্যকে শুধু আবর্জনা হিসেবে না দেখে প্রযুক্তিনির্ভর পুনর্ব্যবহার প্রক্রিয়ায় সম্পদে রূপান্তর করতে হবে। একদিকে নাগরিকদের সচেতন করা এবং অন্যদিকে রিসাইক্লিং প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি উৎপাদন নিশ্চিত করাই মূল লক্ষ্য। বুড়িগঙ্গার জলজ পরিবেশ ও বাস্তুসংস্থান রক্ষায় নদী ও তীরের প্লাস্টিক ও পলিথিন বর্জ্য সংগ্রহে এই উদ্যোগ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে এই কার্যক্রম সম্প্রসারণ এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় কামরাঙ্গীরচরে রিসাইক্লিং বিষয়ক একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা চলছে। একই সাথে বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীকে নৌ চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। তিনি উল্লেখ করেন, নদীপাড়ের দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সংগৃহীত বর্জ্যের বিনিময়ে নিত্যপণ্য দেওয়ার মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তির বার্তা সবার কাছে পৌঁছানো সম্ভব। বর্জ্য সংগ্রহের এই বিশেষ বাজারে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পরিমাপ করে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে।
//ডিবিটেক/বিএনও/এসএমই/এমআইএস//





