অ্যাসেট প্রকল্পে সোয়া দুই লাখে প্রশিক্ষণে পুরুষকে ছাড়িয়ে নারী!

  • চলতি বছরের প্রথম ৬ মাসে অ্যাসেট প্রকল্পে ২,২৫,৩৩৬ জনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • প্রশিক্ষণার্থীদের মধ্যে রেকর্ড ৫৭.৯০ শতাংশ নারী, যা পুরুষের চেয়ে ৩৫,৬০৪ জন বেশি
  • বিশ্বব্যাংকের সম্মতিতে অ্যাসেট প্রকল্পের মেয়াদ ১৮ মাস বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত বর্ধিত

অ্যাসেট প্রকল্পে সোয়া দুই লাখে প্রশিক্ষণে পুরুষকে ছাড়িয়ে নারী!
১৮ আগষ্ট, ২০২৬ ১৯:৫৪  

সরকারি ‘অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেংদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন’ (অ্যাসেট) প্রকল্পের আওতায় চলতি বছরের প্রথম ছয় মাসে ২ লাখ ২৫ হাজার ৩৩৬ জনকে কর্মসংস্থানমুখী বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার, ১৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় জানায়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদফতরের মাধ্যমে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়কালে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রশিক্ষণে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মোট প্রশিক্ষণার্থীর মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৭০ জন নারী (৫৭.৯০ শতাংশ) এবং ৯৪ হাজার ৮৬৬ জন পুরুষ। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৪ হাজার ৮০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য এবং ৭৭৯ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। ৩৬০ ঘণ্টার প্রতিষ্ঠানভিত্তিক স্বল্পমেয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ২১ হাজার ৭০২ জন, যার মধ্যে নারী ছিলেন ৩৮.৮৭ শতাংশ। অন্যদিকে, শিল্পখাত ও কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণে ২ লাখ ৩ হাজার ৬৩৪ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে নারীর সংখ্যা ছিল ৫৯.৯৩ শতাংশ। প্রশিক্ষণ শেষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) মাধ্যমে মূল্যায়নের পর সনদ দেওয়া হচ্ছে।

এদিকে প্রকল্পের অর্জন ধরে রাখতে এবং বর্ধিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিশ্বব্যাংকের সম্মতিতে অ্যাসেট প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাস বাড়ানো হয়েছে। সরকারের আবেদনের প্রেক্ষিতে উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক গত ২৯ জুলাই প্রকল্পের সময়সীমা বৃদ্ধিতে অনুমোদন দেয়। বর্ধিত মেয়াদে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা ও প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

//ডিবিটেক/এনএপি/এমআইএস//