দীর্ঘ ১৫ বছর পর ‘মিউচুয়াল ফ্রেন্ডস’ ফিচার চালু করল স্ন্যাপচ্যাট

দীর্ঘ ১৫ বছর পর ‘মিউচুয়াল ফ্রেন্ডস’ ফিচার চালু করল স্ন্যাপচ্যাট
১৮ নভেম্বর, ২০২৬ ২০:২৬  

যাত্রা শুরুর দীর্ঘ ১৫ বছর পর অবশেষে ব্যবহারকারীদের জন্য ‘মিউচুয়াল ফ্রেন্ডস’ বা পারস্পরিক বন্ধু দেখার সুবিধা চালু করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট। নতুন এই ফিচারের ফলে কোনো অ্যাকাউন্টের সঙ্গে ব্যবহারকারীর কাদের সাধারণ বা মিউচুয়াল বন্ধুত্ব রয়েছে, তা এখন খুব সহজেই যাচাই করা যাবে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও সুইডেনের আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই সুবিধা উন্মুক্ত করা হয়েছে।

অপরিচিত কারও কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এলে তা গ্রহণ করা উচিত হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এই ফিচারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারও প্রোফাইলে যদি কোনো মিউচুয়াল ফ্রেন্ড না থাকে, তবে তা অপরিচিত বা ভুয়া অ্যাকাউন্ট হওয়ার ইঙ্গিত দিতে পারে। 

আবার কারও সঙ্গে অতিরিক্ত মিউচুয়াল ফ্রেন্ড থাকলে এবং ব্যবহারকারী যদি নিজের ব্যক্তিগত পরিসর সীমিত রাখতে চান, তবে সেটিও সহজেই বোঝা যাবে।

গোপনীয়তা রক্ষায় ‘অপ্ট-ইন’ ব্যবস্থা
স্ন্যাপচ্যাট জানিয়েছে, অন্য কোনো ব্যবহারকারীর প্রোফাইলে গেলেই সেখানে মিউচুয়াল ফ্রেন্ডদের তালিকা দেখা যাবে। তবে ব্যবহারকারীদের গোপনীয়তার কথা বিবেচনা করে ফিচারটি পুরোপুরি ঐচ্ছিক বা ‘অপ্ট-ইন’ হিসেবে রাখা হয়েছে। 

অর্থাৎ, এই সুবিধাটি কাজ করার জন্য উভয় ব্যবহারকারীকেই নিজ নিজ অ্যাকাউন্ট থেকে ফিচারটি চালু করতে হবে। ডিফল্টভাবে বা স্বয়ংক্রিয়ভাবে এটি বন্ধ থাকবে এবং একটি নতুন প্রম্পটের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে এটি চালু করে নিতে পারবেন।

যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইডেন ও অস্ট্রেলিয়ার বাইরে বিশ্বের অন্যান্য দেশে কবে নাগাদ এই ফিচারটি চালু হবে, সে বিষয়ে স্ন্যাপচ্যাটের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্ল্যাটফর্মটিতে একের পর এক নতুন সুবিধা যুক্ত করছে স্ন্যাপচ্যাট। এর আগে ইভেন্ট পরিকল্পনার টুল এবং অর্থের বিনিময়ে বাড়তি স্টোরেজ ব্যবহারের সুবিধা এনেছে প্রতিষ্ঠানটি। 

চলতি বছরটি ব্যবসায়িকভাবেও বেশ সফল কাটছে স্ন্যাপচ্যাটের; সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ‘স্ন্যাপচ্যাট প্লাস’ এবং সংশ্লিষ্ট পেইড প্ল্যানগুলোর গ্রাহক সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট