রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণদের সাফল্য

রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণদের সাফল্য
২ জুন, ২০২৬ ২০:৩৮  

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতা ‘রোবোফেস্ট ২০২৬’ বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের একদল তরুণ শিক্ষার্থী। ‘বটলসুমো’ বিভাগে এই সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের STEM ও রোবটিক্স শিক্ষার সক্ষমতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে তারা।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সাউথফিল্ডে অবস্থিত Lawrence Technological University ক্যাম্পাসে গত ১৪ থেকে ১৬ মে অনুষ্ঠিত হয় রোবোফেস্টের ২৭তম বিশ্ব চ্যাম্পিয়নশিপ। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজেদের তৈরি ও প্রোগ্রাম করা স্বয়ংক্রিয় রোবট নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় বিভাগ ‘বটলসুমো’-এর সিনিয়র ক্যাটাগরিতে অংশ নিয়ে বাংলাদেশ দল তৃতীয় স্থান অর্জন করে ট্রফি জিতে নেয়। এ বিভাগে স্বয়ংক্রিয় রোবটকে প্রতিপক্ষের রোবট বা একটি বোতলকে নির্ধারিত টেবিলের বাইরে ঠেলে দিতে হয়।

বাংলাদেশ দলের সাত সদস্যের মধ্যে ছয়জন ছিলেন International Hope School Bangladesh–এর শিক্ষার্থী এবং একজন ছিলেন সিলেটের একটি কলেজের শিক্ষার্থী। পুরো দলটি প্রশিক্ষণ ও তত্ত্বাবধান পেয়েছে Robonauts Club–এর কাছ থেকে।

দলের সদস্যরা হলেন— মো. মানসিব আহসান, শায়ান সাদিদ জামান, ট্যাং তিয়ানসিং, নাসিফ আশাব খান জামি, আবদুর রহমান লাহি, ফারহান মোস্তফা এবং আবরার হাসান। দলের কোচ হিসেবে যুক্তরাষ্ট্রে যান মো. মুনজুর মোরশেদ।

বাংলাদেশ দলের কোচ ও Robonauts Ltd–এর প্রধান নির্বাহী পরিচালক মো. মুনজুর মোরশেদ বলেন, এই অর্জন শুধু ট্রফি জয়ের নয়; এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, নেতৃত্ব ও সমস্যা সমাধানের দক্ষতার প্রতিফলন। তিনি বলেন, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে বাংলাদেশের শিক্ষার্থীরাও বৈশ্বিক STEM ও রোবটিক্স অঙ্গনে সফলভাবে প্রতিযোগিতা করতে পারে।

রোবোফেস্টের সহকারী পরিচালক Shannan Palonis বলেন, সিনিয়র বটলসুমো বিভাগে বাংলাদেশের এই সাফল্য আন্তর্জাতিক STEM প্ল্যাটফর্মে দেশটির শিক্ষার্থীদের সক্ষমতার প্রমাণ।

দলের সদস্য আবদুর রহমান লাহি বলেন, রোবোফেস্টে অংশগ্রহণ তাদের জন্য অবিস্মরণীয় অভিজ্ঞতা। রোবটিক্স শুধু রোবট তৈরির বিষয় নয়; এর সঙ্গে কৌশল, দলগত কাজ, ধৈর্য এবং চাপের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাও জড়িত বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশভিত্তিক STEM ও রোবটিক্স শিক্ষা প্ল্যাটফর্ম Robonauts Club দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে কাজ করছে।

/ডিবিটেক/ আরএসইউ/ এমইউএম /