গ্রিডে বিদ্যুতের পরীক্ষামূলক যাত্রা
রূপপুরের বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
- জরুরি প্রস্তুতি ও সাড়াদানে আইএইএর সন্তোষ
- মঙ্গলবার পরীক্ষামূলকভাবে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট সরবরাহের পরিকল্পনা
- ২১ নভেম্বর চূড়ান্ত সংযোগের লক্ষ্য নির্ধারণ
দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা ও প্রস্তুতির ধাপ পেরিয়ে জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ার পথে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ১৭ নভেম্বর, মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য পরীক্ষামূলকভাবে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতে পারে। একই সময়ে কেন্দ্রটির জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি, ব্যবস্থাপনা ও সাড়াদান সক্ষমতা পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ দল।
১৬ নভেম্বর, সোমবার সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক সংযোগের পর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত অনুমোদন নিয়ে পুনরায় গ্রিডে যুক্ত করা হবে প্রথম ইউনিটের বিদ্যুৎ। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে চূড়ান্তভাবে যুক্ত করার লক্ষ্য রয়েছে।
পরীক্ষামূলক সংযোগ, বাণিজ্যিক উৎপাদন নয়
রূপপুর প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান জানিয়েছেন, মঙ্গলবার পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে এই সংযোগের অর্থ বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া নয়।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক সংযোগের সময় কয়েক ঘণ্টার জন্য প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে। এরপর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন পরীক্ষা চালানো হবে। রিঅ্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাই ও পরীক্ষা এরই মধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় পিডিবির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে।
ধাপে ধাপে বাড়বে উৎপাদন
পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি দিয়ে পানি থেকে বাষ্প তৈরি হবে। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে উৎপাদিত হবে বিদ্যুৎ। শুরুতে কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানোর পরিকল্পনা রয়েছে। পরে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।
এরপরও চলবে নিরাপত্তা, কারিগরি সক্ষমতা ও অন্যান্য বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা। পূর্ণ উৎপাদনক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের ধাপ শেষ হওয়ার পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।
জরুরি প্রস্তুতিতে আইএইএর সন্তোষ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ব্যবস্থাপনা ও সাড়াদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে আইএইএর বিশেষজ্ঞ প্রতিনিধি দল।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত যৌথ সভায় এ মূল্যায়নের কথা জানানো হয়। বাংলাদেশে আইএইএর পরিচালিত ‘জরুরি প্রস্তুতি পর্যালোচনা মিশন’ (ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস রিভিউ—ইপিআরইভি)-এর সরেজমিন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে এই পর্যালোচনা করা হয়।
আইএইএর বিশেষজ্ঞ মার্ক ব্রেইটিঙ্গারের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলটি ৮ নভেম্বর বাংলাদেশে আসে। প্রায় ১০ দিন ধরে তারা রূপপুর প্রকল্প এলাকা এবং জরুরি প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে। মিশনের পর্যালোচনায় আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে জরুরি প্রস্তুতি, ব্যবস্থাপনা ও সাড়াদান সক্ষমতার বিষয়গুলো মূল্যায়ন করা হয়।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহাবুবুর রহমান এবং নিউক্লিয়ার সেফটি বিভাগের প্রধান ড. মো. আব্দুর রব শেখসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএইএর প্রতিনিধি দলের মূল্যায়ন পারমাণবিক জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে জরুরি প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশকে কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরুর অনুমোদন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য বায়েরা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন এবং কারিগরি পরীক্ষা সম্পন্ন করতে হবে।
দুটি ইউনিটে ২ হাজার ৪০০ মেগাওয়াট সক্ষমতা
পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট সরবরাহের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও প্রস্তুতিমূলক কার্যক্রমও এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে।
দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়বে। একই সঙ্গে লোডশেডিং কমানো এবং তেল ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয় সাশ্রয়ের সম্ভাবনা তৈরি হবে।
//ডিবিটেক/এসসিডিআর/ডিএসই/এফওই//





