রাজশাহীতে নতুন জিপিসি উদ্বোধন করলো গ্রামীণফোন

রাজশাহীতে নতুন জিপিসি উদ্বোধন করলো গ্রামীণফোন
৩১ আগষ্ট, ২০২৫ ১৩:৩৯  
১ সেপ্টেম্বর, ২০২৫ ০০:৪৬  

উত্তরাঞ্চলে নিজেদের গ্রাহকসেবা আরও সুসংহত করতে রাজশাহীর আলুপট্টি সংলগ্ন এলাকায় একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। 

অেপারেটরটি জানিয়েছে নতুন জিপিসিতে সিম প্রতিস্থাপন, নতুন সিম চালু, মালিকানা হস্তান্তর, রোমিং সুবিধা, হ্যান্ডসেট, রাউটার এবং জিপি আইওটি সলিউশন যেমন: আলো ও জিপিফাইসহ বিস্তৃত সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া গ্রাহকদের চাহিদা অনুযায়ী থাকবে বিশেষ প্রমোশন, পরীক্ষামূলক ক্যাম্পেইন ও মৌসুমী অফার।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান নতুন জিপিসিটি উদ্বোধন করেন। এ সময় গ্রামীণফোনের রাজশাহী সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেন, হেড অব কাস্টমার সার্ভিস আব্দুল্লা আল মাহমুদসহ, গ্রামীণফোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের সিএমও ফারহা নাজ জামান বলেন, “উদ্ভাবন ও সংস্কৃতির সমন্বয়ে সবসময় গ্রাহকদের সাথে আরও আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে চায় গ্রামীণফোন। রাজশাহীতে নতুন গ্রামীণফোন সেন্টারটি এরই প্রতিফলন; যেখানে আধুনিক ডিজিটাল সেবার সাথে ঐতিহ্যবাহী এই নগরীর সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয় ঘটেছে। কাগজবিহীন ও সম্পূর্ণ ডিজিটাল সেবা চালু করে আমরা শুধু দ্রুত ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিত করছি না, বরং টেকসই উন্নয়নেও অবদান রাখছি। আমরা বিশ্বাস করি, এই সেন্টার রাজশাহীর প্রাণবন্ত তরুণসমাজকে সংযুক্ত থাকতে ও তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সকল গ্রাহকের প্রয়োজন মেটাবে এই জিপিসি।”