ফলোআপঃ
২,৩৭০ কোটি টাকায় গ্রামীণফোনকে ৭০০ ব্যান্ডে ১০ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ
বেতারে স্বর্ণালী তরঙ্গ হিসেবে বিবেচিত ৭০০ ব্যান্ডে একক অপারেটর হিসেবে ভিত্তিমূল্যে ১৫ বছরের জন্য ১০ মেগাহার্জ তরঙ্গ পেতে যাচ্ছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। মোট ২ হাজার ৩৭০ কোটি টাকায় অপারেটরটিকে এই তরাঙ্গ বরাদ্দ দিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
২১ জানুয়ারি, বুধবার তরঙ্গ নিলাম কমিটি ও তরঙ্গ ব্যবস্থাপনা কমিটির যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত হওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী।
জানাগেছে, নিলামে অংশ নেওয়া একমাত্র অপারেটর ছিল গ্রামীণফোন। একক দরদাতা হওয়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিটিআরসি চলতি মাসের শুরুতে নিলাম নির্দেশিকা সংশোধন করে। সংশোধিত নিয়ম অনুযায়ী, ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে মোট ২৫ মেগাহার্টজ স্পেকট্রামের মধ্যে কোনো একক অপারেটরের সর্বোচ্চ অধিগ্রহণসীমা ১৫ মেগাহার্টজ থেকে কমিয়ে ১০ মেগাহার্টজ নির্ধারণ করা হয়।
নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য অনুযায়ী, টেলিযোগাযোগ বাজারে প্রতিযোগিতা সুরক্ষিত রাখা এবং ভবিষ্যতে অন্যান্য অপারেটরের জন্য স্পেকট্রাম সংরক্ষণের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নাম গোপন রাখার শর্তে বিটিআরসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “সীমিত অংশগ্রহণের পরিস্থিতিতেও যেন নিম্ন-ব্যান্ডের স্পেকট্রাম অতিরিক্তভাবে কোনো একক অপারেটরের হাতে কেন্দ্রীভূত না হয়—এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য।”
রবি আজিয়াটা নিলাম থেকে সরে দাঁড়ানোর পর অংশগ্রহণ সীমিত হয়ে পড়ে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিলামের সময়সূচির সঙ্গে তাদের বর্তমান নেটওয়ার্ক বিনিয়োগ পরিকল্পনার সামঞ্জস্য না থাকায় তারা অংশ নেয়নি। এছাড়া বাংলালিংক ও রাষ্ট্রায়ত্ত টেলিটকও নিলামে অংশগ্রহণ করেনি।
প্রতিযোগিতার অভাব সত্ত্বেও বিটিআরসি নিলাম কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কমিশনের কর্মকর্তারা জানান, ২০২৪ সাল থেকেই এ নিলামের প্রস্তুতি চলছিল এবং আরও বিলম্ব হলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্পেকট্রাম পরিকল্পনা ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল।
বিটিআরসি কর্মকর্তারা আরও বলেন, রবি অন্য কিছু ফ্রিকোয়েন্সি ব্যান্ডে স্পেকট্রাম নিতে আগ্রহ প্রকাশ করেছে, যা ভবিষ্যতের বরাদ্দ প্রক্রিয়ায় বিবেচনায় আনা হতে পারে।
এদিকে আবশ্যকীয় শর্ত পূরণ সাপেক্ষে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম অধিগ্রহণের জন্য গ্রামীণফোন যোগ্য মর্মে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে একটি স্বীকৃতি পত্র (অ্যাকনলেজমেন্ট লেটার) প্রাপ্তির কথা জানিয়েছেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ।
তবে এই স্থগিতে বিষয়ে গত ৪ জানুয়ারি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোঃ আনেয়ারুল ইসলামের দ্বৈত বেঞ্চে একটি রিট দায়ের করা হয়। তবে বরাদ্দ দেয়ার আগ পর্যন্ত এই রিটের কোনো রুল হয়েছে বলে জানা যায়নি।
ডিবিটেক/এমইউএম/ইএইচ







