খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ‘নাগরিক স্মরণসভা’র আয়োজন করা হচ্ছে। শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মরহুমা বেগম […] The post খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
১৩ নভেম্বর, ২০২৬ ২০:০০  

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ‘নাগরিক স্মরণসভা’র আয়োজন করা হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন। স্মরণসভাটিকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তার জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্মারকগ্রন্থ প্রকাশের লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং তার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে। নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন এবং সংসদীয় রাজনীতির ইতিহাসে তার অবদান। পাশাপাশি অর্থনৈতিক দর্শন, নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, প্রত্যক্ষ স্মৃতিচারণ ও অজানা অধ্যায়, সরকার পরিচালনা ও সুশাসন, অন্তিম সময়ে বেগম খালেদা জিয়া এবং তার নান্দনিকতা ও আত্মমর্যাদার বিষয়েও লেখা আহ্বান করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। আগ্রহী লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত ই-মেইলে ([email protected]) লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে এবং স্মারকগ্রন্থের সম্পাদকীয় বিবেচনায় কেবল নির্বাচিত লেখকদের লেখাই প্রকাশ করা হবে।

স্মারকগ্রন্থের পাশাপাশি বেগম খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তার অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আয়োজকদের প্রত্যাশা, এই প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থ বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, তার রাজনৈতিক উত্তরাধিকার এবং বাংলাদেশের ইতিহাসে তার অবদানকে প্রামাণ্যভাবে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।

The post খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.