শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদফতরকে আরও গতিশীল করতে চান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৫ মার্চ, বৃহস্পতিবার শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
প্রধান অতিথির বক্তব্যে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা প্রকৌশল অধিদফতর দেশের শিক্ষা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অধিদফতরকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এর সাংগঠনিক কাঠামো ও জনবল বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। বর্তমানে শিক্ষা অবকাঠামো উন্নয়নের অনেক কাজ রয়েছে এবং সেসব কাজে শিক্ষা প্রকৌশল অধিদফতরকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
মন্ত্রী আরও বলেন, এলজিইডি ও অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা প্রকৌশল অধিদফতরের কাজ উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের সুযোগ রয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একই প্রশাসনিক ছাতার অধীনে থাকায় সমন্বয়ের মাধ্যমে কাজের গতি আরও বৃদ্ধি পাবে।
নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায়, নতুন নির্মিত ভবন কয়েক বছরের মধ্যেই জরাজীর্ণ হয়ে পড়ে। তাই নির্মাণ কাজের ক্ষেত্রে ঠিকাদারদের দক্ষতা, জনবল এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার সক্ষমতা যাচাই করে দায়িত্ব দিতে হবে। পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা ও কার্যকর তদারকির ব্যবস্থা করতে হবে।
মন্ত্রী বলেন, বর্তমান সময়ে নির্মাণের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও নকশার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের প্রকৌশলীদের উদ্ভাবনী চিন্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে নির্মাণ কাজ হয় টেকসই, সুন্দর এবং ব্যয়-সাশ্রয়ী।
মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের আলোচনা ও মতবিনিময় আরও ঘন ঘন অনুষ্ঠিত হবে এবং কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা করে বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সভায় শিক্ষা প্রকৌশল অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।