এলসিভি, ই-বাস, বিইএসএস ও এলপিজিতে বিনিয়োগ বাড়াবে এনার্জিপ্যাক
- এলসিভি, ই-বাস, বিইএসএস ও এলপিজিতে বিনিয়োগ বাড়াবে এনার্জিপ্যাক
- 'রিভার ওয়েভ' কৌশলে রাজস্বভিত্তিক আর্থিক পুনর্বিন্যাসের পরিকল্পনা
- উৎপাদন সক্ষমতা ও শিল্প অবকাঠামো সম্প্রসারণে নতুন উদ্যোগ
উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন বিনিয়োগ ও আর্থিক পুনর্বিন্যাস পরিকল্পনা ঘোষণা করেছে দেশের অন্যতম বিদ্যুৎ ও প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক। প্রতিষ্ঠানটি লাইট কমার্শিয়াল ভেহিকল (এলসিভি), ইলেকট্রিক বাস, এলপিজি, সাবস্টেশন এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) খাতে কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি শিল্প অবকাঠামো উন্নয়নেও নতুন বিনিয়োগ করবে।
রাজধানীর গুলশান ক্লাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত নির্বাহী সভায় এনার্জিপ্যাক তাদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা এবং নতুন আর্থিক পুনর্বিন্যাস কৌশল তুলে ধরে।
‘গ্রোথ ফর গুডনেস’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানের নেতৃত্ব ভবিষ্যতমুখী ব্যবসায়িক রূপরেখা উপস্থাপন করেন। এতে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পরিচালন দক্ষতা উন্নয়ন এবং মূল ব্যবসা খাতে বাজার সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়।
সভায় এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ জানান, ভবিষ্যৎ প্রবৃদ্ধির অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এলসিভি, ইলেকট্রিক বাস, বাল্ক ও বোতলজাত এলপিজি, সাবস্টেশন এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) খাতে বিনিয়োগ বাড়াবে। পাশাপাশি শিল্প অবকাঠামো খাতেও নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে পৃথক উপস্থাপনায় প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. আমিনুর রহমান খান প্রতিষ্ঠানের নতুন আর্থিক পুনর্বিন্যাস কৌশল ‘রিভার ওয়েভ’ তুলে ধরেন। তিনি জানান, কৌশলটি রেভিনিউ বেইজড ফাইন্যান্সিং (আরবিএফ) মডেলের ওপর ভিত্তি করে তৈরি, যার মাধ্যমে রাজস্বভিত্তিক প্রবৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং তথ্যনির্ভর সিক্স সিগমা পদ্ধতি অনুসরণ করে উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, এ কৌশলের আওতায় কার্যকরভাবে কার্যকরী মূলধন ব্যবস্থাপনা, অপ্রয়োজনীয় সম্পদের পুনর্বিন্যাস, দায় কমানো এবং ইতিবাচক নগদ প্রবাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
মো. আমিনুর রহমান খান বলেন, ‘রিভার ওয়েভ’ কৌশল একটি সুসংগঠিত রেভিনিউ বেইজড ফাইন্যান্সিং (আরবিএফ) কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি। আর্থিক অংশীদারদের সহযোগিতা এবং শক্তিশালী পরিচালন ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে টেকসই মুনাফা ও শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তুলতে চায়।
এনার্জিপ্যাক জানিয়েছে, নতুন কৌশল বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি মূল ব্যবসাকে আরও শক্তিশালী করার পাশাপাশি উদ্ভাবনী প্রকৌশল সমাধান ও আধুনিক জ্বালানি প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে কাজ করবে।
//ডিবিটেক/বিসিআর/এনএএম//





