৬ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিতের দাবিতে পানি ভবন ঘেরাও
৬ ফেব্রুয়ারি, শুক্রবার উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিতের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে পানি ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। নির্বাচনের আগে পরীক্ষা আয়োজনকে ‘অনিশ্চয়তা ও প্রহসন’ আখ্যা দিয়ে ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার তারা নির্বাচন-পরবর্তী সময়ে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিক্ষোভকারীদের দাবি, নির্বাচনের আগে পরীক্ষা আয়োজন করা হলে পরবর্তী লিখিত পরীক্ষা আদৌ হবে কি না- সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হবে। তাদের ভাষ্য, নির্বাচনের আগে তারা বর্তমানে নির্বাচনি ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় যুক্ত রয়েছেন। এ অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয়। পাশাপাশি তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের পর নতুন সরকার এলে তাদের পছন্দমতো নিয়োগ প্রক্রিয়া চালু হতে পারে, ফলে মেধাভিত্তিক মূল্যায়ন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা রয়েছে।
বিক্ষোভে অংশ নিয়ে এক পরীক্ষার্থী হাফিজুর রহমান বলেন, “নির্বাচনের আগে আমাদের যে পরীক্ষা নেওয়া হচ্ছে, এতে পরবর্তীতে লিখিত পরীক্ষা আদৌ হবে কি না—তার কোনো নিশ্চয়তা নেই। নতুন সরকার এলে তারা নিজেদের মতো করে নিয়োগ দিতে চাইবে। এতে আমাদের মেধার মূল্যায়ন কোথায় থাকবে?”
আরেক পরীক্ষার্থী সাইফুল হাসান বলেন, “নির্বাচনের আগে পরীক্ষার নামে আমাদের প্রহসনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করে পরে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা না এলে আমরা পানি ভবন ঘেরাও ছাড়বো না।”
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। যেহেতু আগামীকাল পরীক্ষা হওয়ার কথা রয়েছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা চলছে।”
ডিবিটেক/এসএন/ইএম



