ব্রেইন স্টেশন ২৩ আয়োজিত এআই-নির্ভর শিক্ষা রূপান্তর সম্মেলন
ঢাকায় প্রথম মুডলমুট ১১ জুলাই
নিবন্ধিত অংশগ্রহণকারীরা পাবেন ৫০ হাজার টাকা মূল্যের ই-লার্নিং সার্ভিস ক্রেডিট ভাউচার। সম্মেলনে গুরুত্ব পাবে জেনারেটিভ এআই, প্রেডিক্টিভ অ্যানালিটিকস ও প্রতিষ্ঠানভিত্তিক এলএমএস স্বয়ংক্রিয়করণ বিষয়ক আলোচনা।
আগামী ১১ জুলাই ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ওপেন সোর্স প্রযুক্তির শিক্ষা প্ল্যাটফর্ম মুডলের ব্যবহারকারী, উদ্যোক্তা, অংশীদার ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মুডল সম্প্রদায়ের সম্মেলন মুডলমুট। বার্সেলোনা, এডিনবরা, মেলবোর্ন কিংবা মেক্সিকো সিটির মতো শহরের পর এবার ঢাকাতে ওমুডলমুটের আয়োজন করেছে দেশে মুডলের সনদপ্রাপ্ত অংশীদার ব্রেইন স্টেশন ২৩।
সম্মেলনটি অনুষ্ঠিত হবে ঢাকার মহাখালীর অ্যাডভান্সড নূরানী টাওয়ারের ১২তম তলায় অবস্থিত ব্রেইন স্টেশন ২৩ প্রধান কার্যালয়ে ।১১ জুলাই, শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা ২০ মিনিট পর্যন্ত এই সম্মেলন চলবে।
অংশগ্রহণের সুযোগ থাকছে অনলাইনেও। আগ্রহীরা https://moot.brainstation-23.com/register ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন।
সম্মেলনে নিবন্ধিত অংশগ্রহণকারীরা ই-লার্নিং সেবায় ব্যবহারযোগ্য ৫০ হাজার টাকা মূল্যের একটি ব্রেইন স্টেশন ২৩-এর সার্ভিস ক্রেডিট ভাউচার পাবেন।
মুডল ইভেন্ট তালিকা অনুযায়ী, মুডলমুট বাংলাদেশ ২০২৬ শেখার নেতৃত্বদানকারী, প্রশিক্ষণ বিশেষজ্ঞ ও এন্টারপ্রাইজ দলগুলোকে একত্রিত করছে যাতে তারা দেখতে পারে কীভাবে মুডল বৃহৎ পরিসরে কর্মশক্তির উন্নয়নে রূপান্তর আনতে পারে। দুই দিনব্যাপী কি-নোট, কেস স্টাডি ও হাতে-কলমে কর্মশালার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ আধুনিকায়ন, কমপ্লায়েন্স স্বয়ংক্রিয়করণ, বিচ্ছিন্ন দলগুলোকে সহায়তা এবং তথ্যনির্ভর শিক্ষণ বাস্তুতন্ত্র গড়ে তোলার বাস্তবিক উপায় খুঁজে পাবেন। সম্মেলনের হ্যাশট্যাগ নির্ধারণ করা হয়েছে #MootBD26, এবং এটি ডেভেলপার, শিক্ষক ও মুডল প্রশাসকসহ সবার জন্য উন্মুক্ত।
আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে জেনারেটিভ এআই, প্রেডিক্টিভ অ্যানালিটিকস এবং এলএমএস বাস্তুতন্ত্রের ভেতরে স্বয়ংক্রিয় কনটেন্ট তৈরির বিষয়ে গভীর আলোচনা হবে, পাশাপাশি থাকবে এইচআরআইএস ইন্টিগ্রেশনসহ হাজারো কর্মীর জন্য মুডল স্কেল করার কৌশল।
প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল লার্নিং ও অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম এখন আর ভবিষ্যতের কোনো ধারণা নয়—এগুলো ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও করপোরেট প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ফলশ্রুতিতে বিভিন্ন দেশে প্রতিবছর মুডলমুট আয়োজিত হলেও বাংলাদেশ এবারই প্রথম এই বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হতে যাচ্ছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিক্ষা ও কর্মক্ষেত্রের শিক্ষণব্যবস্থার বৃহৎ পরিসরের রূপান্তর, যেখানে আলোচনা হবে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় শিক্ষা ও কর্মক্ষেত্রের শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর, ব্যক্তিকেন্দ্রিক এবং টেকসই করা যায়।
//ডিবিটেক/বিএসডব্লিউ/ইকে//





