প্রয়োজনে ইউনিট-২ থেকে ভালভ এনে ইউনিট-১ চালুর প্রস্তুতি

রূপপুরের ভালভে জটিলতা, বিশেষজ্ঞ আসছে

  • ইউনিট-১-এর PORV জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস মন্ত্রীর
  • প্রয়োজন হলে ইউনিট-২ থেকে ভালভ প্রতিস্থাপন করা হবে
  • সমস্যা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে

রূপপুরের ভালভে জটিলতা, বিশেষজ্ঞ আসছে
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৯  

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে পাইলট-অপারেটেড রিলিফ ভালভ (PORV) জটিলতার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রয়োজন হলে ইউনিট-২-এর ভালভ ইউনিট-১-এ প্রতিস্থাপন কিংবা বিদ্যমান ভালভ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সমস্যা খতিয়ে দেখতে রাশিয়া থেকে একটি বিশেষজ্ঞ দলও আসছে।

    রাশিয়ার পারমাণবিক প্রকৌশল ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসসি এএসই (JSC ASE) ইতোমধ্যে ইউনিট-২ থেকে একটি PORV খুলে ইউনিট-১-এ বসানোর প্রস্তাব দিয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তাদের মতে, এটি করা সম্ভব না হলে দেশের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্পটির বাণিজ্যিকভাবে চালুর সময়সীমা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে।

    বুধবার (২ সেপ্টেম্বর) রূপপুরের ভালভ-সংক্রান্ত জটিলতা নিয়ে জানতে চাইলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, “Honestly, frankly, বিষয়টি না লুকিয়ে বলতে চাই, এই ভাল্বটা কেন কাজ করছে না খতিয়ে দেখতে রাশিয়া থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ইউনিট-২-এর ভাল্ব ইউনিট-১-এ রিপ্লেস করবো। অথবা তাদেরকে সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক করতে বলবো।”

    রূপপুরের ১ নম্বর ইউনিটের রিঅ্যাক্টর প্রেসারাইজারে থাকা PORV-টি প্রাথমিক কুলিং সিস্টেমে অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ নিরাপত্তা উপাদান। সাম্প্রতিক সময়ে ভালভটির কার্যকারিতা পরীক্ষায় একাধিকবার ব্যর্থতার ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

    সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, সমস্যাটি সমাধানে প্রযুক্তিগত জটিলতা রয়েছে। ভালভটি রূপপুরের রিঅ্যাক্টর নকশার জন্য বিশেষভাবে তৈরি হওয়া একটি প্ল্যান্ট-নির্দিষ্ট উপাদান। ফলে বাণিজ্যিক বাজার থেকে একই ধরনের একটি ভালভ কিনে সরাসরি প্রতিস্থাপন করার সুযোগ নেই।

    জেএসসি এএসই রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি প্রতিষ্ঠান রোসাটমের প্রকৌশল শাখা। রুশ পক্ষের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক আলোচনাতেও রূপপুরের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

    কর্মকর্তারা জানান, ইউনিট-১-এর এই জটিলতার প্রভাব দ্বিতীয় ইউনিটের সময়সূচির ওপরও পড়তে পারে। ইউনিট-২ ইতোমধ্যে নির্ধারিত সময়সূচির তুলনায় পিছিয়ে রয়েছে। ফলে প্রথম ইউনিটের বিলম্ব আরও বাড়লে দ্বিতীয় ইউনিটের কাজেও তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

    এর আগে গত ১৭ আগস্ট বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকেও PORV-এর বিষয়টি আলোচনা হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ নীতিনির্ধারক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বৈঠকের সরকারি কার্যবিবরণী অনুযায়ী, ইউনিট-১-এর প্রেসারাইজার PORV-এর পরীক্ষা পাঁচ সপ্তাহ ধরে কয়েক দফায় ব্যর্থ হয়েছে। সমস্যাটি সমাধানে ভালভটির প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান নকশাবিদ রূপপুর প্রকল্প এলাকায় অবস্থান করে কাজ করছেন বলেও বৈঠকে জানানো হয়।

    রুশ পক্ষের ভাষ্য ছিল, ভালভটি রিঅ্যাক্টর নকশার জন্য বিশেষভাবে তৈরি এবং অতিরিক্ত রুশ নকশাবিদ আনা হলেও তাৎক্ষণিকভাবে ভিন্ন কোনো ফল নাও আসতে পারে। বাণিজ্যিকভাবে উপযুক্ত বিকল্প ভালভ না থাকায় বিদ্যমান সরঞ্জাম পুনঃসমন্বয় করাই তখন সম্ভাব্য পথ হিসেবে বিবেচনা করা হয়।

    রাষ্ট্রদূত খোজিন বৈঠকে বলেন, যন্ত্রটি ৫০ থেকে ৬০ বছর পরিচালনার উপযোগী করে নকশা করা হয়েছে। তাই দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্য পরিচালনা নিশ্চিত করতে এর কাঠামোগত শক্তি, স্থায়িত্ব ও সক্ষমতা যাচাই করা প্রয়োজন।

    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন চলমান বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমস্যা সমাধানে ন্যূনতম সম্ভাব্য সময়সীমা নির্ধারণের ওপর গুরুত্ব দেন।

    বৈঠকে রুশ পক্ষ প্রযুক্তিগত সমন্বয় ও মূল্যায়নের জন্য আরও তিন থেকে চার দিন সময় চেয়েছিল। রাষ্ট্রদূত খোজিন বাংলাদেশের উদ্বেগ ও পরিস্থিতির জরুরিতা মস্কোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়ে ফলাফল অবহিত করার আশ্বাস দেন।

    এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী রূপপুর প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

    //ডিবিটেক/জেএইএন/এনএপি/এমআইএসটি//