৪৯ টাকায় আর্লি বার্ড পাস অফার আনলো ট্রাফিকের শীর্ষ ওটিটি

সাফ চ্যাম্পিয়নশিপের ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব পেল টফি

  • বাংলালিংকের টফি সাফ চ্যাম্পিয়নশিপের এক্সক্লুসিভ ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব অর্জন করেছে
  • ভক্তদের জন্য ৪৯ টাকার বিশেষ আর্লি বার্ড পাস এবং ৯৯ টাকার মূল পাস রাখা হয়েছে
  • স্মার্টফোন, অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টিজেন ও এলজি ওয়েবওএসে খেলা দেখা যাবে

সাফ চ্যাম্পিয়নশিপের ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব পেল টফি
১৪ অক্টোবর, ২০২৬ ১০:৫৬  

বাংলাদেশে আয়োজিত হতে যাওয়া দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্ববৃহৎ আসর সাফ চ্যাম্পিয়নশিপের ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল ইনফোটেইনমেন্ট ও ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’। ১৩ অক্টোবর ঢাকার টাইগার্স ডেন-এ অনুষ্ঠিত এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে স্পোর্টস মার্কেটিং এজেন্সি ‘টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট’-এর কাছ থেকে সরাসরি সম্প্রচার স্বত্ব গ্রহণ করে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্মটি।

বাংলালিংকের হেডকোয়ার্টার টাইগার্স ডেন-এ অনুষ্ঠিত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমূর রহমান, টফির ডেপুটি ডিরেক্টর মোদাচ্ছের আহমেদ এবং টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সজীব রশীদ উপস্থিত ছিলেন। এ সময় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) হেড অব কম্পিটিশনস সৈয়দ আসিফ হোসেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, জাতীয় ফুটবল দলের প্রতিটি ম্যাচসহ টুর্নামেন্টের সব খেলা উচ্চ-সংজ্ঞায়িত (HD) ডিজিটাল প্রযুক্তিতে স্মার্ট ডিভাইস ও কানেক্টেড টিভিতে সরাসরি সম্প্রচার করবে টফি। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানের মধ্যকার প্রতিযোগিতাগুলো অনলাইন প্ল্যাটফর্মটিতে লাইভ দেখতে পাবেন দর্শকরা। অ্যান্ড্রয়েড, আইওএস, অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টিজেন এবং এলজি ওয়েবওএস প্ল্যাটফর্মে টফি অ্যাপের মাধ্যমে হাই-স্পিড সার্ভার অবকাঠামোয় খেলাগুলো স্ট্রিম করা যাবে।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমূর রহমান জানান, দেশের বৃহত্তম ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে টফিতে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আসা বিশ্বমানের ডিজিটাল বিনোদন প্রদানের অঙ্গীকারের অংশ। দেশে আয়োজিত এই বড় ফুটবল উৎসবের ডিজিটাল অভিজ্ঞতায় পুরো জাতিকে একসূত্রে যুক্ত করতে পেরে তারা গর্বিত।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম জানান, ক্রীড়া সম্প্রচারে টফির প্রযুক্তিগত সক্ষমতা ও পূর্ব রেকর্ড বেশ শক্ত। এই চুক্তির ফলে দেশজুড়ে ফুটবলপ্রেমীরা খুব সহজেই আঞ্চলিক ফুটবলের সঙ্গে যুক্ত হতে পারবেন।

প্ল্যাটফর্মটি জানিয়েছে, ফুটবল ভক্তদের জন্য ৪৯ টাকার একটি বিশেষ আর্লি বার্ড পাস চালু করা হয়েছে, যা খেলা শুরুর পূর্বদিন পর্যন্ত কার্যকর থাকবে। এরপর নির্ধারিত টুর্নামেন্ট পাসের মূল্য হবে ৯৯ টাকা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টফি অ্যাপ থেকে সরাসরি এ পাস কেনা যাবে।

টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব রশীদ জানান, টফির শক্তিশালী প্রযুক্তিগত অবকাঠামো (Technical Infrastructure) এবং ঘরোয়া ফুটবলের অভিজ্ঞতা এই বৈশ্বিক টুর্নামেন্ট প্রচারের জন্য উপযুক্ত মাধ্যম।

//ডিবিটেক/এএইচসিএএফআর/এমভিএনও/এমআইএসটি//